দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ব্রাজিল পাল্টে গেছে। দুর্দান্ত খেলার ছন্দটা ধরে রেখে ব্রাজিলের যুবারা ছিনিয়ে নিয়েছে হ্যাটট্রিক জয়। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের শীর্ষস্থান এখন তাদের দখলে। অথচ চিরশত্রু আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। পরে গ্রুপ পর্বের ম্যাচে হার মেনেছিল কলম্বিয়ার কাছেও।
আজ ব্রাজিল ৩-১ গোলে ধরাশায়ী করেছে প্যারাগুয়েকে। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনাও। আকাশী নীল-সাদা জার্সিধারী যুবারা কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে।
আজকের জয় দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে টিকিট কেটেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ আসর বসবে চিলিতে।
চূড়ান্ত পর্বে তিনটি করে ম্যাচ জিতেছে ব্রাজিল-আর্জেন্টিনা। দুদলের পুঁজি সমান ৯ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এখন তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। শিরোপা জয়ের লড়াইয়ে অন্যতম ফেভারিট ছিল কলম্বিয়া। কিন্তু চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুদলের কাছেই হেরে পিছিয়ে পড়েছে দলটি।
শিরোপা লড়াইয়ে ফেভারিট এখন কেবল ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী শুক্রবার সকালে একে অন্যকে মোকাবিলা করবে এই দুই ফুটবল পরাশক্তি। সেই ম্যাচের ফলই নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

