মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশাধিকারে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিসিবি। এই সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের দুই সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসজেএ জানায়, ‘মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত বিসিবির নতুন বিধিনিষেধ আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং প্রাত্যহিক পেশাগত জীবন ব্যাহত হবে বলে আমাদের মনে হয়েছে।’
বিবৃতিতে তারা আরো জানান, ‘নিরাপত্তা বাড়ানোর ব্যাপার উল্লেখ করা হয়েছে এবং যেখানে পূর্ণ সহযোগিতা করতে আমরাও সব সময় প্রস্তুত। কিন্তু সংবাদকর্মীদের পুরোপুরি দূরে ঠেলে ক্রিকেটের প্রসার সম্ভব নয় বলেই আমরা মনে করি।’
তারা আরো জানায়, ‘এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা না করায় আমরা স্তম্ভিত ও হতাশ হয়েছি। আমরা বিসিবির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের পদক্ষেপ সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করবে এবং স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করবে।’
অন্যদিকে, বিএসপিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত সদ্য ঘোষিত নিয়মাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই নিয়মগুলো গণমাধ্যমকর্মীদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে।’
‘বিএসপিএ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে। বিএসপিএ ও অন্যান্য গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে একটি সহযোগিতামূলক এবং সবার জন্য উপকারী সমাধান নিশ্চিত করা সম্ভব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

