ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের হয়ে ২৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার কারিমা গোর। আর এতেই মা-বাবার নাগরিকত্বের সুযোগ নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন নেপাল সফরের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে।
নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্ম নিলেও গোরের বাবা-মা দুজনেই অ্যান্টিগার। এমনকি ছোটবেলায় খেলেছেন দেশটির বয়সভিত্তিক দলের হয়ে। তার বাবা ইয়ান গোরও একজন ক্রিকেটার। সেই সূত্রেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন গোর।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজক নেপাল হলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। আগামী ২৭ সেপ্টেম্বর নেপাল-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩০ সেপ্টেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ দল : আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম অগুস্তে, নাভিন বিদাইসি, জেদিয়াহ ব্লেডস, কেসি কার্টি, কারিমা গোর, জেসন হোল্ডার, আমির জাঙ্গু, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, জিশান মোতারা, রামোন সাইমন্ডস এবং শামার স্পিঙ্গার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

