ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির পথচলার বেশি দিন হয়নি। এর মধ্যে তার কোচিংয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। এবার বিশ্বকাপকে টার্গেটে রেখে নতুন করে দল সাজাচ্ছেন এই কোচ। সেই সঙ্গে নিজের ভবিষ্যতের পরিকল্পনাও প্রকাশ করেছেন। সিবিএফের সঙ্গে তার এক বছরের চুক্তি হলেও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে থাকতে তার আপত্তি নেই। একই সঙ্গে দলের অন্যতম সেরা তারকা নেইমারকেও বিশ্বকাপ খেলার শর্ত জুড়ে দিয়েছেন ‘সুপার কার্লো’ খ্যাত রিয়াল মাদ্রিদের সাবেক বস।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বিশেষ কিছু। আমি প্রথমে এক বছরের চুক্তি করেছি। কিন্তু এখন সবকিছু উন্মুক্ত। যদি সিবিএফ চায়, (২০২৬ বিশ্বকাপের পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত) আমি কোনো সমস্যা ছাড়াই চালিয়ে যেতে পারি। আমার এবং আমার পরিবারের জন্য এখানে থাকা আনন্দের।’
আনচেলত্তি নেইমারের বিষয়ে বলেন, ‘শারীরিকভাবে ভালো অবস্থায় জাতীয় দলে প্রত্যেকে নেইমারকে দেখতে চায়। তার সঙ্গে কথা বলেছি। সবাই তার প্রতিভা সম্পর্কে অবগত। ফুটবলে প্রতিভার সদ্ব্যবহার করতে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হয়। যদি সে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকে তাহলে দলে জায়গা পাওয়া কোনো সমস্যা হবে না।’
ব্রাজিলের কোচ হিসেবে এখন পর্যন্ত চার ম্যাচে তিনি দুটি জয়, একটি ড্র ও একটি পরাজয়ের স্বাদ পেয়েছেন আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মাসে। ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার মাটিতে। এর তিন দিন পর ১৪ অক্টোবর জাপান সফর করবেন রাফিনহা-ভিনিসিউসরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

