টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতের বিপক্ষে না খেললেও ভারতকে ঠিকই শ্রীলঙ্কায় যেতে হবে। আইসিসির নিয়মে ভারতীয় দলকে শ্রীলঙ্কায় হাজিরা দিতে হবে।
অর্থাৎ, আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচ না হলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে। এমনকি ম্যাচের ভেন্যু আর প্রেমাদাসা স্টেডিয়ামে নামতেও হবে তাদের। ম্যাচ নিয়ে শঙ্কা থাকলেও দলকে তাদের অনুশীলন কর্মসূচি চালিয়ে যেতে হবে। যার ফলে আগের দিনের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও থাকা বাধ্যতামূলক। ম্যাচের দিন নির্ধারিত সময়ে স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে ভারতকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, পাকিস্তান মাঠে দল না নামালে ম্যাচ রেফারির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। পাকিস্তান ম্যাচটি না খেললে ভারত ২ পয়েন্ট পাবে। আর সেটি পেতে হলে আইসিসির নিয়ম মেনে ভারতকে পাকিস্তান ম্যাচ হবে ধরে নিয়েই এগোতে হবে। আর তারা যদি মাঠে না যায়, সেক্ষেত্রে দুই দল সমান একটি করে পয়েন্ট পাবে। এছাড়া পাকিস্তান ম্যাচ না খেললে তার প্রভাব পড়বে তাদের নেট রানরেটের ওপরও, তবে ভারতের নেট রানরেট থাকবে অপরিবর্তিত।
পাকিস্তান ম্যাচটি বর্জনের ঘোষণায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। আইসিসিও আনুষ্ঠানিকভাবে জানায়নি, তারা কী ভাবছে বা কোন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে পাকিস্তানের জন্য কঠিন সিদ্ধান্ত আসছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

