পিছিয়ে ৩১১ রানে, ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই নেই দুই উইকেট! ম্যানচেস্টার টেস্টে ভারতের ইনিংস ব্যবধানে হার তখন সময়ের ব্যাপার। তবে সেটা হতে দিলেন না অধিনায়ক শুভমান গিল ও ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল। শূন্য রানে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের বিদায়ের পর দুজনের ১৭৪ রানের অপরাজিত জুটিতে হার এড়াতে লড়ছে ভারত। চতুর্থ দিন শেষে ৬৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে শুভমানের দল। এখনো পিছিয়ে ১৩৭ রানে। উইকেটে আছেন গিল (৭৮*) ও রাহুল (৮৭*)।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬৬৯ রানের জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে কোনো রান না তুলতেই ২ উইকেট হারায় ভারত। লাঞ্চে যাওয়ার আগে স্কোরবোর্ডে মাত্র ১ রান তুলতে পারে অতিথিরা। ক্রিস ওকসের তোপে শূন্য রানে বিদায় নেন যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। এরপর হাল ধরেন গিল ও রাহুল। দারুণ জুটিতে দুজন মিলে দলকে দেড়শ রানের ঘর পার করান। তুলে নেন ফিফটি।
এর আগে চতুর্থ দিন সকালে ৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও লিয়াম ডওসন। ২৬ রান করে আউট হলে ভাঙে স্টোকসের সঙ্গে তার ৩৫ রানের জুটি। এরপর ব্রেন্ডন কার্সকে (৪৭) নিয়ে দলীয় রান ছয়শ’র ঘর পার করেন ইংলিশ দলপতি। এর মধ্যেই টেস্ট ক্যারিয়ারের ১৪তম ও ভারতের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন স্টোকস। দুই বছর ২৮ দিন পর এই ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেলেন এই অলরাউন্ডার। সবশেষ ২০২৩ সালের ২৮ জুন অ্যাশেজের ম্যাচে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন স্টোকস।
ওল্ড ট্রাফোর্ডে ১০ ম্যাচ খেলে এটি স্টোকসের তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৬ ও ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেন। ম্যাচে বল হাতেও ৭২ রানে ৫ উইকেট নেন স্টোকস। একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ ইংলিশ ক্রিকেটার হলেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম। আর সব দেশ মিলিয়ে এই কীর্তিতে নাম লেখানো পঞ্চম অধিনায়ক। আগের চারজন - ডেনিস অ্যাটকিনসন, গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ ও ইমরান খান।
স্টোকস ফেরেন ১৪১ রানে। যা তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সর্বোচ্চ এবং ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। স্টোকস আউটের কিছুক্ষণ পরই কার্স ৪৭ রানে আউট হলে ইংল্যান্ড গুটিয়ে যায় ৬৬৯ রানে। যা তাদের টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালের ৭ উইকেটে ৯০৩ (ডিক্লেয়ার) এখনো শীর্ষে। এর আগে ইংল্যান্ডের বড় সংগ্রহের পেছনে অবদান রাখেন চার টপ অর্ডার ব্যাটার জ্যাক ক্রুলি (৮৪), বেন ডাকেট (৯৪), ওলি পোপ (৭১) ও জো রুট (১৫০)। চারজনের ৩৯৯ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
ভারত : প্রথম ইনিংস ১১৪.১ ওভারে ৩৫৮/১০ ও দ্বিতীয় ইনিংসে ৬৩ ওভারে ১৭৪/২ (গিল ৭৮*, রাহুল ৮৭*; ওকস ২/৪৮)
ইংল্যান্ড : প্রথম ইনিংস ১৫৭.১ ওভারে ৬৬৯/১০ (রুট ১৫০, স্টোকস ১৪১, ডাকেট ৯৪, ক্রলি ৮৪, পোপ ৭১; জাদেজা ৪/১৪৩, সুন্দর ২/১০৭, বুমরাহ ২/১১২, কাম্বুজ ১/৮৯, সিরাজ ১/১৪০)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

