বাংলাদেশ ফুটবল লিগ

আবাহনী-রহমতগঞ্জ পয়েন্ট ভাগাভাগি

আবাহনী-রহমতগঞ্জ পয়েন্ট ভাগাভাগি

দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। নতুন নামে শুরু হওয়া গতকাল এ লিগের উদ্বোধনী দিন জিততে পারেনি আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করে নতুন মৌসুম শুরু করল ধানমন্ডির ক্লাবটি। ১০ জনের দলে পরিণত হয়েও পয়েন্ট ধরে রাখার কীর্তি দেখাল কোচ মারুফুল হকের দল রহমতগঞ্জ। একই দিন আরামবাগ ও ফকিরেরপুলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের সুলেমান দিয়াবাতে, শেখ মোরসালিন ও আল আমিনদের নিয়ে আবাহনীর আক্রমণভাগ গোলের দেখা পায়নি। পুরো ম্যাচেই নিষ্প্রভ দেখা গেল দিয়াবাতেকে। গত মৌসুমে মোহামেডানের জার্সিতে লিগের সেরা পারফর্মার ছিলেন। এবার লিগের প্রথম ম্যাচেই চেনা ছন্দে দেখা মেলেনি দিয়াবাতের। ৩৯ মিনিটে মিডফিল্ডার আরাফাত হোসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। বল দখলের লড়াইয়ে কাজেম শাহর মুখে আঘাত করেন বসেন আরাফাত। তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি সাইমন সানি। আঘাত পেয়ে মাঠ ছেড়ে হাসপাতালে যান কাজেম।

বিজ্ঞাপন

এ সুযোগেও গোল পায়নি আবাহনী। তাদের রুখে দেওয়ার পেছনে বড় কৃতিত্ব রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফের। দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন আলিফ। এছাড়া নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বুও প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেন। অপর ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের ম্যাচটিতে কেউই জেতেনি। ৫৯ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড ইয়াইয়া জনের গোলে এগিয়ে যায় আরামবাগ। যোগ করা সময়ে ফকিরেরপুলের হয়ে গোল শোধ দেন মিশরের মিডফিল্ডার মোস্তফা কাহরাবা। ফলে দুদল পয়েন্ট ভাগাভাগি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...