অবশেষে সংকট থেকে উতরে গেছে ক্রিকেট বিশ্ব। এখন যেন স্বস্তিকর পরশ বইয়ে যাচ্ছে সব জায়গায়। কেননা, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি খেলতে রাজি হয়েছে পাকিস্তান।
সোমবার রাতে পাকিস্তান সরকার অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানায়, বন্ধু দেশগুলোর অনুরোধ ও ক্রিকেটের মর্যাদা রক্ষায় ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলবে পাকিস্তান। পরে আজ মঙ্গলবার পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (বিসিসিআই)।
বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’
আইসিসি থেকে সুখবর পেয়ে দারুণ খুশি শুক্লা, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে- আমাদের সবার জন্য এটিই সবচেয়ে বড় সুসংবাদ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

