সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। আজ ৫ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হওয়ার পর গতকাল আরো সাতজন যোগ দিয়েছেন। অর্থাৎ ১২ ফুটবলার নিয়ে ক্যাম্প চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ কাবরেরা।
ক্যাম্পে ফুটবলার সংকটের কারণে বসুন্ধরা কিংস ১০ খেলোয়াড়কে ছাড়েনি। আর বেশ কয়েকজন ফুটবলার অনূর্ধ্ব-২৩ দলে আছেন। বর্তমানে বাহরাইনে দলের সঙ্গে অনুশীলন করছেন তারা। বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২৩ দল। তাদের সামনে এশিয়ান কাপ বাছাই পর্ব রয়েছে। ফলে আপাতত সীমিত সংখ্যক ফুটবলার নিয়ে ক্যাম্প গড়েছেন স্প্যানিশ কোচ কাবরেরা।
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘দুপুরের পর জানতে পারি, বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়ছে না। এটা (কম খেলোয়াড় নিয়ে অনুশীলন) অবশ্যই কোচের জন্য কঠিন। এরপরও অনুশীলন চলছে।’ প্রাক মৌসুমের প্রস্তুতি ও ইনজুরিতে পড়ার শঙ্কা থাকায় ফুটবলার ছাড়তে অপরাগতা প্রকাশ করে বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কিংস।
নিয়ম অনুযায়ী, ফিফা উইন্ডোতে জাতীয় দলের ম্যাচের জন্য ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো। ফলে খেলোয়াড় না ছেড়ে নিয়মের মধ্যেই আছে কিংস। অন্যদিকে, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল দুই সপ্তাহ আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে হংকং ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

