আজ পর্দা উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের। প্রথম ম্যাচে আফগানিস্তান ও হংকং মুখোমুখি। জয় দিয়ে মহাদেশীয় এ টুর্নামেন্ট শুরু করার লক্ষ্যে মাঠে নামছে আফগানিস্তান। প্রতিপক্ষ হংকং। আর উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপে নিজেদের ইতিহাসে প্রথম জয় ছিনিয়ে নিতে চায় হংকং।
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের আফগানিস্তান-হংকং ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে। এই গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
২০১৪ সালে এশিয়া কাপে অভিষেক হয় আফগানিস্তান। কিন্তু এখনো ফাইনালে খেলতে পারেনি আফগানরা। তাদের সর্বোচ্চ সাফল্য সুপার ফোরে উঠা। ২০১৮ ও ২০২২ আসরে সুপার ফোরের টিকিট কেটেছিল তারা। এবার সুপার ফোরের বাধা টপকে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে চাচ্ছে আফগানরা। দলের লক্ষ্য নিয়ে অধিনায়ক রশিদ খান বলেন, ‘এবারের এশিয়া কাপে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা। টুর্নামেন্টে আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা এবং চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয়। আমি জানি, আমাদের এই দলের ফাইনাল খেলার সামর্থ্য ও যোগ্যতা আছে। নিজ-নিজ দায়িত্ব সর্ম্পকে দলের সব খেলোয়াড়ই অবগত আছে। মাঠে নিজেদের সেরা পারফরমেন্স করতে মুখিয়ে আছে সবাই।’
হংকং প্রথম এশিয়া কাপ খেলে ২০০৪ সালে। পরে এ আসরে অংশ নিয়ে তারা তিনবার- ২০০৮, ২০১৮ ও ২০২২ সালে। এশিয়া কাপে এখনো জয়ের দেখা পায়নি হংকং। সব মিলিয়ে ৮ ম্যাচ খেলে সবগুলোতেই হার মেনেছে তারা। তবে এবারের এশিয়া কাপেই হারের বৃত্ত ভেঙে প্রথম জয়ের স্বাদ নিতে চায় হংকং।
দলের অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন, ‘এবার আমরা বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে নামছি। আমাদের প্রধান লক্ষ্য হারের বৃত্ত ভাঙ্গা এবং এশিয়া কাপে প্রথম জয় তুলে নেওয়া। এবার অতীত ইতিহাসে পাল্টে ফেলতে মরিয়া ছেলেরা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

