ব্যাটে-বলে সাকিবের আরেকটি ব্যর্থ দিন

ব্যাটে-বলে সাকিবের আরেকটি ব্যর্থ দিন

আগের ম্যাচেই গড়েছিলেন দুর্দান্ত রেকর্ড। তবে এক ম্যাচ বাদেই আবারো ব্যর্থতার চেনা গলিতে ফিরছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাটে-বলে ব্যর্থ আরেকটি দিন উপহার দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। হেরেছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও।

ম্যাচে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে সাকিব নিয়েছেন ১ উইকেট। সিপিএলে খেলা আগের ৫ ম্যাচে এক ইনিংসে সাকিব সর্বোচ্চ বোলিং করেছেন দুই ওভার। আজই প্রথম সাকিব তার বোলিং কোটা পূর্ণ করলেন। ফিরিয়েছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে।

তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে অ্যান্টিগা করেছিল ৭ উইকেটে ১৪৬ রান। অ্যালেক্স হেলস ও কিসি কার্টির ফিফটিতে এই রান ৮ বল হাতে রেখেই জিতে যায় নাইট রাইডার্স।

রান তাড়ায় নেমে শুরুতে উইকেট হারায় নাইট রাইডার্স। সাকিব ফেরান মানরোকে। এরপর কার্টি ও হেলসের ৮৭ রানের জুটিতে জিতে যায় তারা। চারে নেমে নিকোলাস পুরান খেলেন ১১ বলে ২৩ রানের ইনিংস।


এর আগে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন সাকিব। আউট হয়েছেন ১৪ বলে ১৩ রান করে। দলের লড়াকু স্কোরের পেছনে ভূমিকা রাখেন ওপেনার জুয়েল অ্যান্ড্রু (৪০) ও দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম (৩৭) ও উসামা মির (৩৪)। এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে শীর্ষে সাকিবের অ্যান্টিগা।

সংক্ষিপ্ত স্কোর
অ্যান্টিগা: ২০ ওভারে ১৪৬/৭ (অ্যান্ড্রু ৪০, ইমাদ ৩৭*; আমির ৩/২২, আকিল ২/২৫)।
নাইট রাইডার্স: ১৮.৪ ওভারে ১৫২/২( কার্টি ৬০, হেলস ৫৫*; সাকিব ১/২৫, সিলস ১/৩৫)।
ফল: নাইট রাইডার্স ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আমির

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন