তোরেসের জোড়া গোলে বড় জয় বার্সেলোনার

তোরেসের জোড়া গোলে বড় জয় বার্সেলোনার

লা লিগার চলতি মৌসুমে শুরুটা অপ্রত্যাশিত হলেও শিরোপা ধরে রাখার পথেই আছে বার্সেলোনা। লিগের ম্যাচে এবার গেটাফেকে হারিয়ে টেবিলে দুইয়ে ফিরল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ফেরান তোরেসের জোড়া গোল ও দানি ওলমোর এক গোলে ৩-০ ব্যবধানে জিতেছে কাতালান ক্লাবটি।

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। গেটাফের তিন শটের দুটি লক্ষ্যে ছিল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার পাস বক্সে পেয়ে চমৎকার ব্যাক-হিল ফ্লিক করেন ওলমো। ছয় বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন তোরেস।

৩৪তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান তোরেস। রাফিনহার পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। দুই গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে তৃতীয় গোলটির দেখা পায় বার্সেলোনা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন দুই দিন আগে চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল করা র‍্যাশফোর্ড। গোলরক্ষক তার দিকে এগিয়ে এলে কাট-ব্যাক করে তিনি পাস দেন ওলমোর দিকে। ছুটে গিয়ে নিচু শটে ফাঁকা জালে বল পাঠান ২৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার।

লিগে সবশেষ দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি জাল অক্ষত রাখল বার্সেলোনা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন