শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই পুরনো দ্বৈরথ। এশিয়া কাপের চলমান আসরেও দুই দল একই গ্রুপে পড়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে লিটন দাসের দল। অতীতের দ্বৈরথ ভুলে এই ম্যাচে জেতার জন্যেই বাংলাদেশ মাঠে নামবে বলে জানালেন তানজিম হাসান সাকিব। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই পেস বোলিং অলরাউন্ডার।
তানজিম বলেন, 'দ্বৈরথ আসলে থাকবেই। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মূখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান। সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব। দ্বৈরথ—আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।'
শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। এই ব্যাপারটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিমের, 'এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছি। আমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছি—টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছিল। আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি। তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় থাকলেও আমরা তাদের আটকানোর চেষ্টা করব। সেরা ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ।'
এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশ জানিয়েছিল রান রেট নয় জয়ই তাদের কাছে মুখ্য। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগেও তানজিম জানিয়েছেন জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। তিনি বলেন, 'আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমার জেতার জন্যই মাঠে নামব।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

