ইংল্যান্ডের মাটিতে বসবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের পর্দা উঠবে ১২ জুন। ফাইনাল ম্যাচ দিয়ে আসর শেষ হবে ৫ জুলাই। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বৈশ্বিক আসরের গ্রুপ ১-এ খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। এই গ্রুপে খেলবে বাছাই পর্ব পেরিয়ে আসা আরো দুটি দল।
গ্রুপ ২-এ লড়াই করবে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের সঙ্গী হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও থাকবে বাছাই পর্বের বৈতরণী পার হওয়া দুটি দল। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটির। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল ম্যাচ দুটি হবে দ্য ওভালে। ৫ জুলাই ফাইনাল হবে হোম অব ক্রিকেট লর্ডসে।
নারী টি-টোয়েন্টির এ মহাযজ্ঞে ম্যাচ হবে সব মিলিয়ে ৩৩টি। ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে খেলা হবে ২৪ দিনব্যাপী। টুর্নামেন্টে অংশ নেবে ১২টি দল। দ্য ওভাল ও লর্ডসের বাইরে খেলা হবে ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টনে। শিরোপাধারী নিউজিল্যান্ড নিজেদের মিশন শুরু করবে ১৩ জুন সাউদাম্পটনে। একই দিনে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়া খেলবে গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চিরবৈরী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ জুন, এজবাস্টনে। সম্প্রতি দুদেশের মধ্যে সংঘাত হওয়ায় এ ম্যাচের দিকে নিশ্চিত নজর থাকবে সবার।
ভারত ২১ জুন ম্যানচেস্টারে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ভারতীয় মেয়েরা লর্ডসে অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে ২৮ জুন। আর পাকিস্তানের মেয়েরা দক্ষিণ আফ্রিকা (এজবাস্টন) ও অস্ট্রেলিয়ার (হেডেলিং) বিপক্ষে মাঠে নামবে যথাক্রমে ১৭ জুন ও ২৩ জুন।
স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের অটোমেটিক টিকিট কেটেছে ইংল্যান্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জায়গা পেয়েছে পাঁচটি দলÑ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। গত বছরের ২১ অক্টোবর পর্যন্ত এদের বাইরে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে আসরে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চারটি দল বিশ্বকাপের মূল পর্বে নাম লিখবে বৈশ্বিক বাছাই পর্ব থেকে। এই বাছাই পর্বে এরই মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড।
গ্রুপ ১ : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও কোয়ালিফাইং থেকে আরো দুটি দেশ।
গ্রুপ ২ : ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও কোয়ালিফাইং থেকে আরো দুটি দেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

