কোচ আশরাফুল-তালহাদের চুক্তির মেয়াদ বাড়ছে

কোচ আশরাফুল-তালহাদের চুক্তির মেয়াদ বাড়ছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দেশি কোচদের মেয়াদ আরো বাড়ছে। ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে তাদের ওপর আস্থা রেখে চলতি বছরের বাকি সময়টাও দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি পেস বোলিং কোচ শন টেইট চাকরি ছেড়ে দেওয়ায় সাবেক ক্রিকেটার তালহা জুবায়েরকে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জিম্বাবুয়ে এবং সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে সফলতার সঙ্গে কাজ করা তালহার প্রাথমিক চুক্তি অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তবে বিসিবি সূত্র বলছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন আফগানিস্তান সিরিজ, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এবং নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকছেন তিনি।

বিজ্ঞাপন

পাশাপাশি, জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে আশিক মজুমদারকেও দায়িত্বে রেখে দিচ্ছে বিসিবি। অন্যদিকে জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট হারের পর ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে নিয়ে গুঞ্জন তৈরি হলেও সব জল্পনা-কল্পনা উড়িয়ে তাকেও ব্যাটিং কোচের দায়িত্বে বহাল রাখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশীয় কোচদের নিয়ে বিসিবির মনোভাব ইতিবাচক হয়েছে। জাতীয় দলে কাজ করার পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এই প্রথম লম্বা সময় বাংলাদেশি কোচিং স্টাফ কাজ করছে। আমরা সবাই খুব উপভোগ করছি এবং প্লেয়ারদের সাহায্য করার চেষ্টা করছি। খুব ভালো একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে সব জায়গাতেই।’

দেশি কোচদের মেয়াদ বাড়ানোর এই পদক্ষেপ বাংলাদেশের কোচিং ব্যবস্থার জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন