লজ্জার হারের পর ওয়েস্ট ইন্ডিজের জরুরি সভা

লজ্জার হারের পর ওয়েস্ট ইন্ডিজের জরুরি সভা

জ্যামাইকা টেস্টের চতুর্থ ইনিংসে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে রোস্টন চেজের দল। এমন লজ্জাজনক একটি সিরিজ শেষে কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে জরুরি সভা ডেকেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

সে সভায় স্যার ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডসন ও ব্রায়ান লারার মতো তিন কিংবদন্তি ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি উপস্থিত থাকতে বলা হয়েছে ডেসমন্ড হেইন্স, শিবনারায়ণ চন্দরপল ও ইয়ান ব্রাডসকে। এদের নিয়ে বসে সাম্প্রতিক সময়ে দলের ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করবে সিডব্লিউআই। পাশাপাশি ব্যর্থতা থেকে বের হয়ে আসতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হবে সাবেক ক্রিকেটারদের কাছ থেকে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সব ভক্তদের মতো আমিও অস্ট্রেলিয়ার কাছে এমন বাজেভাবে সিরিজ হারের জন্য কষ্ট পেয়েছি। এটা থেকে বের হয়ে আসতে আমাদের সবার কিছু নির্ঘুম রাত কাটবে। এমনকি ক্রিকেটারদেরও। তারাও আমাদের মতো ব্যথিত। আমরা ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আছি। আগামী দিনের ক্রিকেটারদের জন্য বিনিয়োগ করছি। এমনকি সেই চেতনাকে পুনরুজ্জীবিত করছি। যেটা লম্বা সময় ধরে ক্রিকেট বিশ্বে ওয়েস্ট ইন্ডিজ পরাশক্তিকে পরিণত করেছে।’

তিনি আরো বলেন, ‘আলোচনা যেন ফলপ্রসূ হয় সেজন্য স্যার ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডসন ও ব্রায়ান লারাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের সঙ্গে ডেসমন্ড হেইন্স, শিবনারায়ণ চন্দরপল ও ইয়ান ব্রাডসরাও যোগ দেবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন