চতুর্থ স্তরের দলের কাছে হেরে ম্যানইউর বিদায়

চতুর্থ স্তরের দলের কাছে হেরে ম্যানইউর বিদায়

দুই গোলে পিছিয়ে পড়া, এরপর সমতায় ফিরে ২৩ শটের দীর্ঘ টাইব্রেকার পরীক্ষায় হেরে বিদায়। খেলায় একদলকে হারতে হয়, এটাই নিয়ম। কিন্তু ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বিব্রতকর ব্যাপার হলো, তারা হেরেছে চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের বিপক্ষে। ২-২ গোলে সমতার পর টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

ম্যানচেস্টার থেকে ১২০ মাইল পূর্ব দিকের ছোট্ট শহর ক্লিসথর্পসের ক্লাব এই গ্রিমসবি টাউন। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ১৯৩৮-৩৯ মৌসুমে এফএ কাপের সেমিফাইনালে খেলে , লিগ কাপের কোয়ার্টার ফাইনালে যেতে পারে ১৯৭৮-৭৯ মৌসুমে। এ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের দেখা হলো ৭৭ বছর পর!

মাঠের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল গ্রিমসবি। ৩০ মিনিটের মধ্যেই তারা এগিয়ে যায় ২-০ গোলে। সেই ব্যবধান ধরে রাখে পরের প্রায় ৪৫ মিনিট ধরে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। ৭৫তম মিনিটে এমবুমোর গোলে লড়াইয়ে ফেরে ইউনাইটেড। ৮৯তম মিনিটে হেডে সমতা ফেরান হ্যারি ম্যাগুইয়ার।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে সমতা ছিল ৪-৪ গোলে। এরপর সাডেন ডেথ চলতেই থাকে। দুই দলের গোলকিপারও টাইব্রেকারে বল পাঠানে জালে। ১৮ মিনিটের পেনাল্টি শুটআউট শেষ হয় এমবুমোর ব্যর্থতায়। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে গ্রিমসবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন