লর্ডসে টেস্টকে গুডবাই জানাবেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক

লর্ডসে টেস্টকে গুডবাই জানাবেন উইলিয়ামসন

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন লর্ডস টেস্টটি কেন উইলিয়ামসনের জন্য বিশেষ এক উপলক্ষ। নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার নিজেই উপলব্ধি করেছেন, ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি সামনে আসতেই কিছুটা বিস্মিত হয়েছিলেন উইলিয়ামসন। হাসতে হাসতেই তিনি বলেন, “হ্যাঁ, সম্ভবত এটাই শেষ। আর তোমরা আমার লাঞ্চও দেরি করিয়ে দিচ্ছ, যা মোটেও ভালো নয়!”

৩৫ বছর বয়সী উইলিয়ামসন ২০১৩ সালে প্রথমবার লর্ডসে টেস্ট খেলেছিলেন। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচটি হবে এই মাঠে তার পঞ্চম এবং ক্যারিয়ারের ১১০তম টেস্ট। বর্তমানে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা এই ব্যাটার জানেন না ভবিষ্যতে কবে আবার নিউজিল্যান্ড লর্ডসে খেলতে আসবে। তাই এবারের সফরটিকে বিশেষভাবে উপভোগ করতে চান তিনি।

লর্ডসের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন সাবেক কিউই অধিনায়ক। “এটি সবসময়ই একটি বিশেষ টেস্ট। ক্যারিয়ারে হাতে গোনা কয়েকবারই এখানে খেলার সুযোগ আসে। লর্ডসের ঐতিহ্য, ইতিহাস আর পরিবেশ অন্য যেকোনো মাঠ থেকে আলাদা,” বলেন উইলিয়ামসন।

তিনি আরও বলেন, “লং রুম পেরিয়ে মাঠে নামা, সদস্যদের সঙ্গে দেখা হওয়া, বিখ্যাত লাঞ্চ—সবকিছুই স্মরণীয়। এখানে প্রথমবার আসা খেলোয়াড়দের উত্তেজনাও আমি বুঝতে পারি।”

লর্ডসে উইলিয়ামসনের পরিসংখ্যান অবশ্য তার ক্যারিয়ারের মানদণ্ডে খুব উজ্জ্বল নয়। এই মাঠে আট ইনিংসে তার গড় ৩২। তবে ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা ১৩২ রানের ইনিংসটি তাকে লর্ডসের অনারস বোর্ডে জায়গা করে দিয়েছে—যে সম্মান পাননি ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাও।

সেই ইনিংসের স্মৃতি এখনও উজ্জ্বল উইলিয়ামসনের কাছে। “অনারস বোর্ড নিয়ে সবাই অনেক কথা বলে। ম্যাচটিও ছিল অসাধারণ। আমরা হেরেছিলাম, কিন্তু ৭০০ রান করেছি, ২০ উইকেট নিয়েছি। অন্য যেকোনো দিনে এমন পারফরম্যান্সে খুশিই থাকতাম,” স্মৃতিচারণ করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারের শেষভাগে এসে তাই লর্ডসের সঙ্গে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করার অপেক্ষায় আছেন নিউজিল্যান্ডের এই ব্যাটিং মহাতারকা। বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টই হয়তো হবে ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ভেন্যুতে তার শেষ উপস্থিতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন