সৌদি ছাড়ছেন ফিরমিনো, গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল। অবশেষে সেটা বাস্তবে রূপ নিলো। সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলি ছেড়ে কাতারের ক্লাব আল-সাদে নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।
আল-আহলির সঙ্গে আরও প্রায় এক বছরের চুক্তি বাকি ছিল ফিরমিনোর। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দুই পক্ষই সম্পর্কে ছেদ টানলো। আল-সাদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৩ বছর বয়সী ফিরমিনো।
আল-আহলি ছাড়া প্রসঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশ করা ভিডিওতে ফিরমিনো বলেন, 'আমি খুবই খুশি। কারণ একসঙ্গে থাকার এই দুই বছরে এই ক্লাবে ইতিহাস গড়েছি আমি। সেরা মুহূর্ত ছিল অবশ্যই এশিয়ার চ্যাম্পিয়ন হতে পারা। এজন্য আমি কৃতজ্ঞ।'
সৌদি আসার আগে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সঙ্গে ৮ বছর ছিলেন ফিরমিনো। ২০২৩ সালে আল-আহলিতে নাম লেখান। সৌদি প্রো লিগে অভিষেকেই উপহার দেন হ্যাটট্রিক। জেতেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। টুর্নামেন্টে ৬টি গোল করে আসরের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ফিরমিনো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

