আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেট্রোপলিটানোয় বার্সার দুঃস্বপ্ন, চার গোলে উড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নবা

স্পোর্টস ডেস্ক

মেট্রোপলিটানোয় বার্সার দুঃস্বপ্ন, চার গোলে উড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নবা

বল দখল, পাসিং আর আক্রমণের পরিসংখ্যানে এগিয়েও জালে বল জড়াতে পারল না বার্সেলোনা। উল্টো নিজেদের ভুল আর প্রতিপক্ষের নিখুঁত ফিনিশিংয়ে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলের বড় হার মানতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের। স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদ ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল।

মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করে দিয়েগো সিমিওনের দল। তৃতীয় মিনিটেই জুলিয়ানো সিমিওনে সহজ সুযোগ পেয়েও গোলরক্ষকের বাধায় ব্যর্থ হন। কয়েক মিনিট পরই আসে মোড় ঘোরানো মুহূর্ত। গোলরক্ষক হুয়ান গার্সিয়ার ভুলে আত্মঘাতী গোল করেন এরিক গার্সিয়া। শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা।

১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আঁতোয়ান গ্রিজম্যান। নাহুয়েল মোলিনার পাস থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। বার্সেলোনা পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় হয়নি। ফারমিন লোপেজের ভলি ক্রসবারে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের শেষভাগে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায় কাতালানদের। আদেমোলা লুকমান নিচু শটে তৃতীয় গোলটি করেন। যোগ করা সময়ে লুকমানের বাড়ানো বল থেকে চতুর্থ গোল আদায় করেন হুলিয়ান আলভারেজ। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

বিরতির পর ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। পাউ কুবারসি একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফেররান তোরেসের হেড অল্পের জন্য বাইরে যায়। ৮৫ মিনিটে কড়া ফাউল করে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। দশজনের দলে পরিণত হয়ে ম্যাচে ফেরার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

গত মৌসুমে একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। তবে এবার সমীকরণ কঠিন। ৩ মার্চ নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে চার গোলের ঘাটতি পুষিয়ে নিতে হবে তাদের।

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কাতালানদের দরকার এক স্মরণীয় প্রত্যাবর্তন। আর অ্যাতলেটিকো মাদ্রিদ এখন অপেক্ষায় সেই স্বপ্নপূরণের।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন