সামনে ফুটবল বিশ্বকাপ। এখন চলছে দল গঠনের কাজ আর শেষ সময়ের প্রস্তুতি। এমন মহাগুরুত্ব সময়ে দুঃসংবাদ পেয়েছে
আর্জেন্টিনা জাতীয় দল। বড় এক ধাক্কা খেয়েছে ক্লাব ইন্টার মিয়ামিও। ভক্তদের মন খারাপ করার খবরটা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ইনজুরির হানায় বুধবার মেগাস্টার মিয়ামির অনুশীলনে ছিলেন না। তাতে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি রয়েছেন দুশ্চিন্তায়। চিন্তার ভাঁজ পড়েছে মিয়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানোর কপালেও। মেসি অনুরাগীদের এমন খবর দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। গত শনিবার ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে মিয়ামি। সেই ম্যাচেই এই চোট পান। মেসির মাঠে ফেরার সম্ভাব্য দিনক্ষণ সম্পর্ক এখনো কোনো কিছু জানায়নি মিয়ামি কর্তৃপক্ষ।
আগামী ২৭ মার্চ রাতে ফিনালিসিমায় স্পেনকে মোকাবিলা করবে আর্জেন্টিনা। অবশ্য টিওয়াইসি স্পোর্টস মেসি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছে, এমন চোট থেকে তার আগেই মেসির ফিট হওয়ার কথা। তবে মাঠের লড়াইয়ের জন্য শতভাগ ফিট হতে কত দিন লাগবে ৩৮ বছরের এ মহারতারকার। তার শরীর কতটা সাড়া দেবে- এটা নিয়ে অনিশ্চয়তা কাটছে না সহসাই।
মেসি চোটটা পেলেন মিয়ামির প্রাক-মৌসুমের একবারে শেষ দিকে এসে। ২০২৬ বিশ্বকাপে খেলবেন নাকি খেলবেন না -এ বিষয়ে মেসি সিদ্ধান্ত নেবেন এবারের এই প্রাক-মৌসুমের ওপর নির্ভর কর। এই চোটে মেসি সেই সিদ্ধান্ত নিতে নতুন করে ভাবতেও পারেন।
মাঠের লড়াই থেকে ছিটকে গেছেন মেসি। এ কারণে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালের বিপক্ষে প্রীতি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পিছিয়ে গেছে ম্যাচটি। খবরটি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ইনজুরি নিয়ে মেসি বলেন, ‘ইকুয়েডরে সর্বশেষ ম্যাচে চোট পাওয়ায় দ্রুত মাঠ ছেড়েছি। এ কারণে ক্লাব ম্যাচটি স্থগিত করেছে। আশা করি, এই ম্যাচের সূচি পুনরায় ঠিক হবে এবং দ্রুতই দেখা হবে আপনাদের সঙ্গে।’
ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচটি আজ শুক্রবার হওয়ার কথা ছিল। মেসির চোটের জন্য ম্যাচটি হবে ২৬ ফেব্রুয়ারি। তার আগে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসে নতুন মৌসুম শুরু করবে মিয়ামি।
ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি দলের প্রাণভোমরা কাতার বিশ্বকাপ জয়ী মেসির ইনজুরি নিয়ে বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েক দিনে মেসির শারীরিক অবস্থা ও তার ফিটনেসের উন্নতির ওপর নির্ভর করবে ধীরে ধীরে তার অনুশীলনে ফেরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

