ব্যাটিংয়ে ফের ব্যর্থ সাকিব, জিতেছে দল

ব্যাটিংয়ে ফের ব্যর্থ সাকিব, জিতেছে দল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাটিংয়ে আরেকবার ব্যর্থ হলেন সাকিব আল হাসান। তবে বল হাতে ভালো করেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। সাকিবের ব্যাটিং ব্যর্থতার দিনে অবশ্য জিতেছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। তারা ৮ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচটিতে সাকিব আউট হন ১৩ বলে ৭ রান করে। বোলিংয়ে ১ ওভারে ২ রান দিয়ে ১টি উইকেট পান। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৯৮ উইকেট নিয়ে এই টুর্নামেন্ট শুরু করা সাকিব ৫০০ উইকেট থেকে আর একধাপ দূরে রইলেন।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ২০ ওভারে তোলে ১৬৭ রান। ওপেনিংয়ে জুয়েল অ্যান্ড্রু ২২ রান করেন ২৫ বলে। ব্যর্থ হন রাকিম কর্নওয়াল (৯ বলে ৯), কারিমা গোর (১১ বলে ১০) ও বেভন জ্যাকবস (১১ বলে ৮)। এরপর হেলমেটের স্ট্র্যাপ কামড়ে সাকিব করেন ৭।

পরের দিকের ব্যাটাররা দারুণ খেলে দলকে লড়াকু স্কোর এনে দেন। অধিনায়ক ইমাদ ওয়াসিম অপরাজিত থাকেন ২৭ বলে ৩৯ রান করে। সাতে নেমে ফ্যাবিয়ান অ্যালেন করেন তিনটি করে চার ও ছক্কায় ২০ বলে ৪৫। স্প্রিঙ্গার অপরাজিত থাকেন ৫ বলে ১০ করে।

জবাব দিতে নেমে আলেক্স হেলস ৫ রানে ফিরে গেলেও ঝড় তোলেন কলিন মানরো। তাতে ত্রিনবাগো পঞ্চম ওভারেই ৫০ ছুঁয়ে ফেলে দল। এরপর ওবেড ম্যাককয় এক ওভারেই দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরান দলকে। ১৮ বলে ৪৪ রান করা মানরোকে ফিরিয়ে শুরু। এরপর নিকোলাস পুরান (১৪ বলে ১০) পারেননি জ্বলে উঠতে।

ত্রয়োদশ ওভারে আক্রমণে এসে সাকিব বিদায় করেন ড্যারেন ব্রাভোকে। ৩৫ বলে ৩১ রান করা কেসি কার্টিকে থামান ম্যাককয়। এরপর শুরু গয় পোলার্ড ঝড়। তবে শেষ ওভারে ১৪ রানের সমীকরণে ত্রিনবাগো ৫ রানের বেশি নিতে পারেনি।

তিন ওভারে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা ওবেড ম্যাককয়। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। তাদের পরের ম্যাচ ঘরের মাঠেই শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন