লিওনেল মেসির আলো ছড়ানো মানেই ইন্টার মিয়ামির জয় অবধারিত, এমনটাই হয়ে আসছে এযাবতকাল। ব্যতিক্রম হয়নি ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও। জোড়া গোল করলেন মেসি, করালেন আরও এক গোল। তাতে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে প্লে-অফের আরও কাছে পৌছে গেল মিয়ামি।
আজকের অন্য ম্যাচই প্লে-অফ নিশ্চিত হতে পারত মেসিদের। তবে সে জন্য মন্ট্রিয়েলের বিপক্ষে নিউ ইয়র্ক রেড বুলসকে জয়হীন থাকতে হতো। তবে দলটি ২-০ ব্যবধানে জিতে যাওয়ায় আপাতত অপেক্ষা বেড়েছে মিয়ামির। সেটা আগামী ম্যাচেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে বৃষ্টিভেজা ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মিয়ামি। তাতে ৩৫তম মিনিটেই এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো নিখুঁত থ্রু-পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন টাদেও আলেন্দে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ক্রিশ্চিয়ান বেন্টেকে ডিসি ইউনাইটেডকে হেডে সমতা ফেরান।
এরপর কেবলই মেসির জাদু। ৬৬ মিনিটে জর্দি আলবার পাস থেকে বক্সে ঘুরে দাঁড়িয়ে বাঁ পায়ের শটে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মিয়ামিকে। ৭২ মিনিটে মিয়ামি পায় পেনাল্টি। মেসি নিজে সেটি না নিয়ে সুযোগ দেন তরুণ আর্জেন্টাইন সতীর্থ মাতেও সিলভেত্তির হাতে। তবে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
এরপর ৮৫ মিনিটে মেসি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-১ করেন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ডিসির জেকব মারেল একটি গোল শোধ করলেও জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।
এ মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে মেসির গোল ২২টি। সপ্তমবারের মতো এই মৌসুমে জোড়া গোল করলেন মেসি। আর তাতে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে উঠেছেন তিনি। ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ন্যাশভিলের ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ (২১ গোল)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

