‘জিততে চাই’, ‘ভালো খেলতে চাই’- এমন শব্দচয়নেই সিরিজপূর্ব সংবাদ সম্মেলন শেষ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি দলের ব্যাটিং কম্বিনেশন নিয়ে ওঠার প্রশ্নের জবাবে, ঢাকার মতো খানিকটা লুকোচুরি ছিল গলেও। তবে জ্বরে আক্রান্ত মেহেদি হাসান মিরাজের সুস্থতার ওপর দলের কম্বিনেশন নির্ভর করবে সেটাও খানিকটা স্পষ্ট করেছেন অধিনায়ক। এ ছাড়া গলে টেস্ট জিততে যে স্পিন চ্যালেঞ্জ উতরে যেতে হবে সেটাও জানান।
গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে অধিনায়ক শান্ত অনুপ্রেরণা খুঁজতে চান জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট থেকে। চট্টগ্রামে ওই টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের বড় জয় পায় বাংলাদেশ। ওই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা শান্ত বলেন, ‘সবশেষ ম্যাচের কথা যদি বলেন, খুব ভালো স্মৃতি। আগের ম্যাচটা আমরা হেরেছিলাম। পরে যেভাবে কামব্যাক করেছি, সবাইকে মোটিভেট করবে।’ সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, ‘এই কন্ডিশনে কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে। তবে ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ব্যাটিংয়ে আছি।’
গলে টেস্ট জিততে কী করতে হবে সেটা ভালোই জানা আছে অধিনায়ক শান্তর। এ বিষয়ে শান্ত বলেন, ‘ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। স্পিনাররা এখানে অনেক উইকেট নেয়। আবার রানও হয় অনেক। প্রথম ২-৩ দিনে ব্যাটিং গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ সব জায়গায়ই থাকবে, সব কন্ডিশনেই থাকবে। কীভাবে আমরা চ্যালেঞ্জ উপভোগ করছি, এটা গুরুত্বপূর্ণ।’ চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকা বাংলাদেশ অধিনায়ক অবশ্য খুব একটা কথা বলেননি কম্বিনেশন নিয়ে। এমনকি নিজের ব্যাটিং পজিশন নিয়েও ছিল চুপ।
শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকেই (আজ) বলতে চাই। আমি চাই না, প্রতিপক্ষ আগে থেকেই ধারণা পাক। ইনশাআল্লাহ কালকে (আজ) আমরা কী কম্বিনেশনে যাব, তার ওপর নির্ভর করে একাদশ সাজানো হবে।’
তবে সবকিছু নির্ভর করছে মেহেদি হাসান মিরাজের সুস্থতার ওপর। জ্বরে ভোগা মিরাজকে পাওয়া গেলে এক রকম, না হলে ভিন্ন কম্বিনেশনে যেতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে- তা স্পষ্ট শান্তর কথায়। তার ভাষ্য মতে, ‘এখনো মিরাজ শরীর একটু খারাপ আছে। উন্নতি করছে। ওর ওপর অনেক কিছু নির্ভর করছে। ওর অ্যাভেইলেবিলিটি যদি ঠিকঠাক থাকে, তাহলে ভালো একটা কম্বিনেশন নিয়ে যেতে পারব।’
কম্বিনেশন নিয়ে তিনি আরো যোগ করেন, ‘অপশন অনেক আছে। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী, উইকেটের কন্ডিশন অনুযায়ী দল সাজাতে সহজ হবে। আমরা কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং কত ভালো ক্রিকেট খেলছি, এটা গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু করবে বাংলাদেশ দল। এই চক্রে বাংলাদেশের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে দিন দিন আরো নতুন কী উন্নতি করা যায় বা নতুন কী প্রয়োজন বা সব ঠিক আছে কি না, এসব নিয়ে পরে আলোচনা করতে পারব। এই মুহূর্তে দুটি ম্যাচ এই দল নিয়ে কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

