মিরপুরে ফিরে এলো কার্ডিফ কাব্য

স্পোর্টস রিপোর্টার

মিরপুরে ফিরে এলো কার্ডিফ কাব্য

ওটা ছিল ১৮ জুন, ২০০৫। আর এটা ৯ জুন, ২০২৬। জুন তাহলে অস্ট্রেলিয়া বধের জন্য বাংলাদেশের পারফেক্ট সময়! ২১ বছর আগে ইংল্যান্ডের শহর কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে ক্রিকেট কাব্য তৈরি করেছিল বাংলাদেশ, সেই কাব্যের রচয়িতা ছিলেন মোহাম্মদ আশরাফুল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ সেদিন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাই ছিল বাংলাদেশের প্রথম ও একমাত্র জয়। মিরপুরে গতকাল মিলল দ্বিতীয় জয়। আর কি আশ্চর্য, এবারো মোহাম্মদ আশরাফুল কানেকশন আছে এই জয়ে। আশরাফুল এ দলের হয়ে মাঠের ২২ গজে খেলেননি। কিন্তু ডাগআউটে যে তিনি বাংলাদেশের এই দলের ব্যাটিং কোচ!
২১ বছর পর অস্ট্রেলিয়াকে আরেকবার বধের এই আনন্দের ম্যাচে তিনিও অংশীদার হয়ে রইলেন, তবে খানিকটা ভিন্ন পরিচয়ে।
মিরপুরে সিরিজের প্রথম এই ম্যাচে অস্ট্রেলিয়া শুধু একটা জিনিসই জিতল কাল- টস। বাকি সবকিছুতেই তারা কেবল হারল আর হারল। মিরপুরের উইকেটে খানিকটা সবুজ ঘাসের আবরণ দেখে অস্ট্রেলিয়া ভাবল সকালে এ উইকেটে বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলা যাবে। অবশ্য ম্যাচ শুরুর পর প্রথম আনন্দ তারাই করল। ওপেনার সাইফ হাসানকে ফেরাল তারা মাত্র পাঁচ রানে। স্লিপে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেই ক্যাচটি ধরেন মারনাস লাবুসানে। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে সে আনন্দ আর ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। পরের কাহিনি কেবল তাদের বোলারদের ব্যর্থতার। সঙ্গে ফিল্ডিংয়েও ব্যর্থ চরম। অস্ট্রেলিয়ার মতো দল এর আগে কখনো চারটি ক্যাচ ড্রপ করেছে কি নাÑপরিসংখ্যান ঘেঁটে সে তথ্য মিলল না। অজিদের এই দুর্বলতার সুযোগে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট হাতে শাসনে নামলেন। তানজিদ হাসান তামিমের পর নাজমুল হোসেন শান্তও হাফ সেঞ্চুরি পেলেন। দুজনে যেভাবে খেলছিলেন, তাতে এটি তাদের নিশ্চিত সেঞ্চুরির দিন হতে পারত। দুজনেই হাফ সেঞ্চুরির পর যে কায়দায় আউট হলেন, তাকে বলে ‘সফট ডিসমিসাল’!
মিডল অর্ডারে লিটন দাস চটজলদি ফিরে যাওয়ার পর তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে মোসাদ্দেক বোঝালেন এখনো অনেক কিছু রয়েছে তার ঝুলিতে। পুরোটা সময়জুড়ে ব্যাট হাতে মোসাদ্দেক অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে তুড়ি মেরে দাপুটে ভঙ্গিতে ব্যাট করে গেলেন।
মিরপুরের এই উইকেটে ২৮৪ রান অবশ্য চ্যালেঞ্জিং স্কোর। তবে সেই রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়ার এই দল যে ব্যাটিং করল, তাতে তাদের মনে হচ্ছিল হলুদ জার্সিতে জিম্বাবুয়ে খেলছে!
নাহিদ রানা, তাসকিন ও মোস্তাফিজের বোলিং তোপের কোনো জবাবই খুঁজে পায়নি তারা। হাঁটু গাড়তে বাধ্য হয়। সিরিজ শুরুর আগে বাংলাদেশ, না অস্ট্রেলিয়া ফেভারিট- এ প্রশ্নে অনেকে নীরব ছিলেন। প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স এবং অস্ট্রেলিয়ার নুয়ে পড়া ক্রিকেটের পর এখন ফেভারিট প্রশ্নে প্রায় সবার বাজি বাংলাদেশের পক্ষেই।
ব্যাটে-বলে ম্যাচের সেরা পারফরম্যান্স দেখানো মোসাদ্দেক ম্যাচ শেষে বলছিলেন, ‘চার বছর পর মাঠে নেমে মনে হচ্ছিল আমি যেন ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলছি। তেমন আনন্দ নিয়েই ব্যাটিং করেছি। সামনের সময়ে দলের জন্য এমন পারফরম্যান্সই করতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন