বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের যুবারা

বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের যুবারা

উচিত জবাবই দিলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ৬ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯৮ রানে হেরেছিল তারা। এবার বড় জয়েই সিরিজে ফিরল সফরকারীরা। দ্বিতীয় একদিনের ম্যাচে লঙ্কান যুবাদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন আল ফাহাদ। এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে ৫১ রানের ইনিংস খেলেন চামিকা হেনাতিগালা। দিনুরা দামসিথের অবদান ৪৭ রান। দিমান্থা মাহাভিথানা এনে দেন ৩৯ রান। এছাড়া ২৩ রান করেন দুলনিথ সিগেরা। বল হাতে ৪৪ রান খরচায় ৬ উইকেট নেন ফাহাদ। ইকবাল হোসেন ইমনের শিকার ২ উইকেট। ৩৭ রান খরচ করেন তিনি।

বিজ্ঞাপন

জবাবে ৯৩ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ওপেনার কালাম সিদ্দিকিকে হারালেও জাওয়াদ আবরারের দুর্দান্ত সেঞ্চুরি ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় অতিথিরা। জাওয়াদ ১৩০ ও তামিম ৬৯ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেটে ১৮০ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ শেষ করেন তারা। বাংলাদেশের পতন হওয়া একমাত্র উইকেটটা নেন কুগাদাস মাথুলান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন