অস্ট্রেলিয়ান ওপেন

জিতেই নেচে গ্যালারি মাতালেন সাবালেঙ্কা

স্পোর্টস রিপোর্টার

জিতেই নেচে গ্যালারি মাতালেন সাবালেঙ্কা
আরিনা সাবালেঙ্কা

টানা দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনি। কোর্টে খেললেন বর্তমান চ্যাম্পিয়নের মতোই। আরিনা সাবালেঙ্কার চোখ এবার হ্যাটট্রিক শিরোপা জয়ে। লক্ষ্যটা অটুট রেখে প্রথম রাউন্ডে খেললেন দুর্দান্ত। রাজকীয় পারফরম্যান্সে জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন বেলারুশের এ কন্যা। মার্কিন প্রতিপক্ষ স্লোয়ানে স্টিফেন্সকে সরাসরি সেটে হেসে-খেলেই ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছেন এ শীর্ষ বাছাই। রড লেভার অ্যারেনায় ২০১৭ সালের ইউএস ওপেন জয়ী স্টিফেন্সকে হারাতে সাবালেঙ্কার সময় লেগেছে সর্ব সাকূল্যে ৭১ মিনিট।

বিজ্ঞাপন

জয়ের ধারাটা ধরে রাখতে পারলে মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী হিসেবে মেলবার্ন পার্কে টানা তিন শিরোপা জয়ের কীর্তি গড়বেন ২৬ বছরের সাবালেঙ্কা। ড্যাফনে আখুরস্ট মেমোরিয়াল কাপ জিততে পারলে তিন গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ বেলারুশ সুন্দরী নাম লিখবেন মার্গারেট কোর্ট, এভোন্নে গুলাগং, স্টেফি গ্রাফ, মনিকা সিলেস ও হিঙ্গিসদের ক্লাবে। যেখানে সবাই তিনটি করে শিরোপা জিতেছেন।

জিতলেও নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে মোটেই সন্তুষ্ট নন সাবালেঙ্কা। তাই তো ম্যাচ শেষে এ ব্রিসবেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বলেন, ‘স্টিফেন্সের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। সম্ভবত নিজের সেরা খেলাটা উপহার দিতে পারিনি। কিন্তু তারপরও দুই সেটেই ম্যাচ শেষ করতে পেরে আমি খুশি।’

অনেক দিন ধরেই টিকটক করে যাচ্ছেন সাবালেঙ্কা। তার নাচ বেশ জনপ্রিয় ভার্চুয়াল জগতে। ম্যাচ শেষে তাকে পেয়ে আর লোভ সামলাতে পারেননি উপস্থাপিকা জেলেনা ডোকিচ। সাবেক এ অজি টেনিস তারকা নাচে-গানে মেতে উঠেন সাবালেঙ্কাকে নিয়ে। যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে সাবালেঙ্কা তার কোচিং টিমকে নিয়ে নেচে টিকটক করেন। এবারও তার কোনো ব্যত্যয় ঘটেনি।

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এখন সাবালেঙ্কা। এমন সময়ে তার অবসর বা বিরতি নেওয়ার বিষয়টা কেউ ভুলেও চিন্তা করতে পারেন না। কিন্তু নাম্বার ওয়ান এ নারী খেলোয়াড় অস্ট্রেলিয়ান শুরুর আগে ফাটিয়ে দিয়েছেন বোমা! মা হওয়ার তীব্র ইচ্ছাই পেয়ে বসেছে তাকে। সাবালেঙ্কা বলেন, ‘আমি ২৭ বছরে পা দিয়েছি। অবসরের খুব কাছাকাছি আছি। ৩৫ বছর বয়সে সন্তান নিতে নেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। এখন মা হওয়ার পরিকল্পনা করছি। মাতৃত্বের স্বাদ নিয়ে ফিরতেও চাই।’

অন্যদিকে ছেলেদের এককের প্রথম রাউন্ডে ম্যারাথন ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন কেই নিশিকোরি। জাপানের এ তারকা ৪-৬, ৬-৭ (৪-৭), ৭-৫, ৬-২ ও ৬-৩ গেমে হারিয়েছেন ব্রাজিলের থিয়াগো মন্তেইরোকে। দ্বিতীয় রাউন্ডে নিশিকোরির সঙ্গী হয়েছেন ক্যাসপার রুডও। নরওয়ের এ স্টার খেলোয়াড় ৬-৩, ১-৬, ৭-৫, ২-৬ ও ৬-১ গেমে জেতেন স্পেনের জাউমে মুনারের বিপক্ষে।

জার্মানির আলেক্সান্ডার জভেরেভ ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রান্সের লুকাস পুইলকে। মেয়েদের এককে জয়ের হাসি হেসেছেন ডেনা ভেকিচও। ক্রোয়েশিয়ান এ খেলোয়াড় সরাসরি সেটে অনায়াসে ৬-৪ ও ৬-৪ গেমে হারান ফ্রান্সের ডায়ান প্যারিকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: