নারীদের কোপা আমেরিকা মানেই ব্রাজিলের জয়জয়কার। মহাদেশীয় এই আসরে এখন পর্যন্ত নয়বার ফাইনাল খেলে আটবারই শিরোপায় চুমু খেয়েছে ব্রাজিলের মেয়েরা। ইতিহাসের পুনরাবৃত্তি করে কোপার চলতি আসরেও ফাইনালের মঞ্চে পা রাখল তারা। ফাইনালে ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষ কলম্বিয়া। রোববার রাত ৩টায় ফাইনালের মঞ্চে অপ্রতিরোধ্য ব্রাজিলের মুখোমুখি হচ্ছে প্রথম শিরোপার স্বপ্নে বুঁদ হয়ে থাকা কলম্বিয়া।
ফাইনালের মঞ্চে অবশ্যই যোজন-যোজন এগিয়ে ব্রাজিল।আসরের সর্বোচ্চ শিরোপাধারীদের মতোই দাপুটে ফুটবল উপহার দিয়ে ফাইনালে পা রেখেছে তারা। সেমিফাইনালে তারা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে উরুগুয়েকে। ফাইনালে পা রাখার পথে প্রতিপক্ষের জালে তারা গোল দিয়েছে ১৭টি, বিপরীতে হজম করেছে মাত্র দুটি।
অন্যদিকে, সেমিফাইনালে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকার ভাগ্যে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া। গ্রুপ পর্বে তারা প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১২টি, হজম করেছে ১টি। ফাইনালের লড়াই যে জমজমাট হবে সেটার ইঙ্গিত অবশ্য গ্রুপপর্বেই পাওয়া গেছে, যেখানে ব্রাজিলকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছিল কলম্বিয়ান মেয়েরা। তবে ইতিহাস তাদের বিপক্ষেও কথা বলছে। ২০২২ আসরের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতে ব্রাজিল। সেদিক থেকে ম্যাচটি কলম্বিয়ানদের জন্য প্রতিশোধেরও।
পরিসংখ্যানে দেখা যায়, দুই দল এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে। তাতে ব্রাজিলের ৮ জয়ের বিপরীতে কলম্বিয়া জয়শূন্য, ৪ ম্যাচ হয়েছে ড্র। কোপায় দুই দলের ৬ দেখায় ব্রাজিলের ৩ জয়ের বিপরীতে কলম্বিয়ার জয়ের ঘর শূন্য, ৩ ম্যাচ হয়েছে ড্র। এবার দেখার পালা, ব্রাজিলিয়ানদের বিপক্ষে প্রথম জয়ের সঙ্গে কোপার প্রথম শিরোপাটাও ছুঁতে পারে কিনা কলম্বিয়ান মেয়েরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

