আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুপার এইটে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার

সুপার এইটে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ‘প্রি-সিডিং’ হওয়ায় এবারের আসরের সুপার এইটের গ্রুপ-১-এ খেলবে সব গ্রুপ চ্যাম্পিয়ন দল। সুপার এইটের চ্যাম্পিয়নদের গ্রুপের প্রথম লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুই দলই গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নিশ্চিত করেছিল সুপার এইট। সুপার এইটে আজ প্রথম ম্যাচে দুপুর সাড়ে তিনটায় স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ ইংল্যান্ড। পরের ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। এই ৭ ম্যাচে ৫ জয় নিয়ে এগিয়ে আছে ভারত। বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় দুই ম্যাচে। ফলে অতীত পরিসংখ্যান থেকে খানিকটা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে স্বাগতিক ভারত। এরপর লক্ষাধিক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেশির ভাগ সমর্থনই থাকবে ভারতের পক্ষে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচের আগে ভারতের জন্য বড় চিন্তার কারণ—অভিষেকের অফফর্ম। এছাড়া খুব একটা ছন্দে নেই এবারের আসরে নিয়মিত তিনে খেলা তিলক ভার্মাও। ফলে সুপার এইটে ভারতের একাদশে একাধিক পরিবর্তন থাকবে সেটা একদম নিশ্চিত করেই বলা যায়। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনো রানের খাতা না খোলা অভিষেক শর্মাকে সাইড বেঞ্চে রাখতে পারে ভারত। যদিও অধিনায়ক সূর্যকুমার যাদব—এখনো সাফাই গাচ্ছেন তার পক্ষে। অন্যদিকে তিলক ভার্মা ঠিকঠাক ছন্দে খেলতে পারছেন না তিনে নেমে। ফলে এই দুজনের যেকোনো একজনকে মাঠের বাইরে রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানে বদলি হতে পারেন সঞ্জু স্যামসন।

এছাড়া ব্যাটিং অর্ডার লম্বা করতে অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দরের ওপর ভরসা রাখতে পারে ভারত। পাশাপাশি পেস বোলিং লাইনআপে ফিরতে পারেন ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একাদশে নেই কোনো চিন্তার ভাঁজ। দুই ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক প্রতি ম্যাচেই এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা। ভারতের বিপক্ষে ম্যাচেও তাদের কাঁধে থাকবে সেই দায়িত্ব। বল হাতে তিন পেসার লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনরাও আছেন দারুণ ছন্দে। ফলে একাদশে পরিবর্তন নিয়ে খুব একটা চিন্তিত থাকতে হচ্ছে না প্রোটিয়া টিম ম্যানেজমেন্টকে।

এই দিকে আজ দিনের প্রথম ম্যাচে সুপার এইটের গ্রুপ-২-এ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। পাল্লেকেলেতে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। এই ম্যাচের আগে ইনজুরি কিংবা অফ ফর্ম—কোনো দিক থেকেই চিন্তিত নয় দুদল। নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করার অপেক্ষায় থেকেই মাঠে নামবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন