প্রথমবারের মতো এশিয়ান গেমস বাছাই পর্বে খেলবে বাংলাদেশ নারী হকি দল। অনেকটাই নীরবে-নিভৃতে এই ঐতিহাসিক প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে বয়সভিত্তিক নানা আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় খেলেছে বাংলাদেশ নারী দল। এবারই প্রথমবার জাতীয় নারী হকি দল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে। আট দলের টুর্নামেন্ট থেকে শীর্ষ চার দল পাবে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে হংকং, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপের চার দল হলো ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে। পরদিন দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ এপ্রিল হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে খেলতে হবে স্থাননির্ধারণী ম্যাচ। বাছাই পর্বের সেমিফাইনালে উঠতে পারলে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত হবে।
নারী হকি দল
অর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

