ত্রিদেশীয় সিরিজ

নিউজিল্যান্ড অপরাজিত চ্যাম্পিয়ন

নিউজিল্যান্ড অপরাজিত চ্যাম্পিয়ন

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই জয়ে ফাইনালে নাম লিখেছিল নিউজিল্যান্ড। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও দাপট দেখাল কিউরা। কিন্তু স্বাগতিক পাকিস্তান ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছিল নিষ্প্রভ। সেই সুযোগটা নিয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মিচেল স্যান্টনাররা। শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্দান্ত জয়টা পেল তারা ২৮ বল হাতে রেখে।

বিজ্ঞাপন

ড্যারিল মিচেল (৫৭) ও টম লাথামের (৫৬) জোড়া ফিফটিতে জয়ের ভিত গড়ে নেয় নিউজিল্যান্ড। দলীয় স্কোরে ৪৭ রান যোগ করেন ডেভন কনওয়ে। ৩৪ রান আসে কেইন উইলিয়ামসনের ব্যাট ছুঁয়ে। দলকে জয়ের বন্দরে পৌঁছানোর আনুষ্ঠানিকতা সারেন গ্লেন ফিলিপস (২০*) ও মাইকেল ব্রাসওয়েল (২*)। তাতে ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তুলে সিরিজ শিরোপা নিজেদের করে নিয়েছে সফরকারী ব্ল্যাক ক্যাপস শিবির।

দুটি উইকেট নিয়েছেন পাকিস্তানের নাসিম শাহ। শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও সালমান আগা একটি করে উইকেট নেন।



অলিখিত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে রেকর্ড গড়েছিল পাকিস্তান। রান তাড়ায় কীর্তি গড়ে নাম লিখেছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে এসে ব্যাট হাতে ঠিক সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪২ রানের পুঁজি গডে মোহাম্মদ রিজওয়ানরা।

আগের ম্যাচে রেকর্ড পার্টনারশিপ গড়া মোহাম্মদ রিজওয়ান (৪৬) ও সালমান আগা (৪৫) আজ সাজঘরে ফেরেন একটু আগেভাগে। আগের ম্যাচে ২৬০ রানের রেকর্ড জুটি গড়লেও চতুর্থ উইকেটে দুজনে আজ গড়েছেন ৮৮ রানের পার্টনারশিপ। তৈয়ব তাহিরের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। কিউদের হয়ে চার উইকেট নেন উইল ও'রুর্কি। দুটি করে উইকেট পান মাইকেল ব্রাসওয়েল ও মিচেল স্যান্টনার।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর


পাকিস্তান : ২৪২/১০, ৪৯.৩ ওভার (রিজওয়ান ৪৬, সালমান ৪৫, তৈয়ব ৩৮, ফাহিম ২২, বাবর ২৯; ও'রুর্কি ৪/৪৩, ব্রাসওয়েল ২/৩৮ ও স্যান্টনার ২/২০)।

নিউজিল্যান্ড : ২৪৩/৫, ৪৫.২ ওভার (ড্যারিল ৫৭ ও লাথাম ৫৬, উইলিয়ামসন ৩৪ ও ফিলিপস ২০*; নাসিম ২/৪৩, শাহিন ১/৪৫, আবরার ১/৬৭ ও সালমান ১/৪৫)।

ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : উইল ও'রুর্কি।

সিরিজসেরা : সালমান আগা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন