চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মাদ্রিদে

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মাদ্রিদে

২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু চূড়ান্ত হয়েছে। ইউরোপ সেরার লড়াইয়ের শিরোপার নিষ্পত্তির লড়াইটি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও মেট্রোপলিটানো স্টেডিয়ামে। নির্বাহী কমিটির বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

আগেই জানানো হয়েছিল, ২০২৬ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায়। একই বছরের উইমেন’স চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে নরওয়ের অসলোর ওল্লেভাল স্টেডিয়ামে।

২০২৭ সালের ফাইনালের জন্য প্রাথমিকভাবে মিলানের সান সিরো স্টেডিয়ামকে বিবেচনা করছিল উয়েফা। সান সিরো স্টেডিয়ামটির সংস্কার কাজ চলবে, এমন তথ্য পাবার পর পরিকল্পনা বদলায় উয়েফা।

এদিকে, লা লিগা ও সেরি আর ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের অনুরোধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি উয়েফা। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শকসহ সকল অংশীদারদের সঙ্গে পরামর্শ করার কথা জানিয়েছে তারা।

আর আগামী ডিসেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের অনুমোদন গত মাসে দেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। পরদিনই অবশ্য পরিকল্পনাটির বিরোধিতা করে বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ। ঘরোয়া লিগের ম্যাচ বিদেশের মাটিতে খেলতে উয়েফার পর ফিফার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন