বিসিবি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১-এ জেলা ও বিভাগ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে বিসিবি পরিচালক হবেন।

ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা বিভাগের এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তার মনোনয়নপত্র বাতিলের ব্যাখ্যায় বলা হয়েছে, সমর্থনকারীর কাউন্সিলর ফরমে স্বাক্ষরের সঙ্গে মনোনয়ন ফরমে প্রদত্ত স্বাক্ষরের মিল নেই তার। ফলে ঢাকা বিভাগ থেকে এখন বৈধ মনোনয়নপত্র শুধু আমিনুল ও ফাহিমের। এ দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, খুলনা বিভাগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন শুধু আব্দুরর রাজ্জাক ও জুলফিকার আলী খান। তাদের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। ফলে তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছেন।

বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরি থেকে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছিলেন। কিন্তু জমা পড়েছে ৫১টি মনোনয়নপত্র। এখান থেকে তিনটি মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন। স্বাক্ষরে গরমিল থাকায় চট্টগ্রাম বিভাগের মো. শওকত হোসেন ও রাজশাহী বিভাগের হাসিবুল আলমের মনোনয়নপত্রও বাতিল হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্রের বিপরীতে আপিল গ্রহণ ও শুনানি হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন