হোপের সেঞ্চুরি ম্লান করে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতালেন ডেভিড

হোপের সেঞ্চুরি ম্লান করে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতালেন ডেভিড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিকে থাকতে চাইলে তৃতীয় টি-টোয়েন্টিতে জেতার বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। শাই হোপের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে জয়ের স্বপ্নও দেখছিল ক্যারিবিয়ানরা। কিন্তু তাদের স্বপ্ন মাটি করে দেন টিম ডেভিড। সেঞ্চুরিতে পাল্টা জবাব দিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। সেই সঙ্গে ৬ উইকেটের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা।

ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে ২১৪ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করে ১০২ রানে অপরাজিত থাকেন হোপ। ৫৭ বলে ৮ চারের পাশাপাশি ছয়টি ছয় মারেন এই ওপেনার। ৩৬ বলে ৬২ রান এনে দেন ব্রেন্ডন কিং। ৩ চার ও ছয়টি ছয়ের সাহায্যে ইনিংস সাজান তিনি। উদ্বোধনী জুটিতে এই দুজনের ১২৫ রানের জুটির পর ওয়েস্ট ইন্ডিজকে হতাশ করেন পরের ব্যাটসম্যানরা। তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেন শেরফানে রাদারফোর্ড। ১৩ বল খেলেন এই টপঅর্ডার। বাকিদের মধ্যে আর কেউই দশকের ঘরে যেতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে নাথার এলিস, অ্যাডাম জাম্পা ও মিচেল ওয়েন একটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

জবাবে রানের সাথে পাল্লা দিলেও দলীয় ৮৭ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। যদিও ডেভিডের শতকে কোনো বিপদ হয়নি সফরকারীদের। ২৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। ৩৭ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। তার ইনিংসে ছয়টি চারের পাশাপাশি ছয়ের মার ছিল ১১টি। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে এটা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া ১৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন ওয়েন। অতিথিদের পতন হওয়া ৪ উইকেটের মধ্যে দুইটাই নেন রোমারিও শেফার্ড। ৩৯ রান খরচ করেন এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২১৪/৪ (২০ ওভার); হোপ ১০২*, কিং ৬২; ওয়েন ১/২৩

অস্ট্রেলিয়া: ২১৫/৪ (১৬.১ ওভার); ডেভিড ১০২*, ওয়েন ৩৬*; শেফার্ড ২/৩৯

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেট

ম্যাচসেরা: টিম ডেভিড

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন