টি-টোয়েন্টির অধিনায়ক তাহলে লিটন?

টি-টোয়েন্টির অধিনায়ক তাহলে লিটন?

দিন কয়েক আগে দুই দফায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেতে যাচ্ছেন লিটন দাস। আগামীকাল বিসিবির বোর্ড সভায় এই বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। লিটন ছাড়া আর কাউকেই বিকল্প হিসেবে ভাবা হচ্ছে না সেই ইঙ্গিত দিয়েছেন বিসিবির এক পরিচালক। তিনি আমার দেশকে বলেন, ‘লিটন ছাড়া আর কেই বা আছে অধিনায়ক হওয়ার জন্য?’ তিনি আরো জানান, অন্তত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের কাঁধে উঠতে পারে অধিনায়কত্বের দায়িত্বভার। এ ছাড়া লিটনের সহকারী হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম রয়েছে এজেন্ডার শীর্ষে।

চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। তখন জানানো হয়েছিল, আপাতত টি-টোয়েন্টি সংস্করণে কোনো খেলা না থাকায় নতুন অধিনায়ক নিয়ে কোনো আলোচনা হবে না। এখন অবশ্য বিষয়টি এড়িয়ে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। কারণ, আগামী মে মাসে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি করে বাংলাদেশ দল। সময় ঘনিয়ে আসায় দ্রুতই বিসিবিকে নতুন অধিনায়ক খুঁজে বের করতে হবে।

বিজ্ঞাপন

বিষয়টি উল্লেখ করে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক আমার দেশকে বলেন, ‘সামনে সিরিজ আছে। তাড়াতাড়িই অধিনায়কের নাম ঘোষণা করতে হবে। ভবিষ্যৎ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটনই এগিয়ে আছে। এখন বাকিটা বোর্ড সভায় সিদ্ধান্ত হবে।’ আগামীকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে হবে পরবর্তী বোর্ড সভা। এখানেই সিদ্ধান্ত আসবে নতুন অধিনায়ক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন দাস। ওই সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের প্রতিনিধিরা। মূলত ওই পারফরম্যান্সের কারণেই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন। এ ছাড়া ওয়ানডে ও টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ৭ ওয়ানডে ও একটি করে টেস্ট ও টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই অভিজ্ঞতার কারণেই লিটনকে এগিয়ে রাখছে বিসিবি। এ ছাড়া টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে আছেন এই ডানহাতি ব্যাটার। সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ১১ ম্যাচে ৩৬.৮০ গড়ে করেন ৩৬৮ রান।

লিটনের পাশাপাশি মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদও টি- টোয়েন্টির সম্ভাব্য অধিনায়কের তালিকায় আছেন। তবে লিটনের মতো এতটা জোরেশোরে শোনা যাচ্ছে না তাদের নাম। একদিন আগে তাসকিন আহমেদ সাংবাদিকদের কাছে বলেই বসেন, বিসিবি তাকে অধিনায়কত্বের প্রস্তাব দিলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। তবে তাসকিন নয় এই পদে বিসিবির সম্ভাব্য পছন্দ লিটন দাস। আর তিন ফরম্যাটেই সহ-অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম চিন্তাভাবনা করছে বিসিবি। অধিনায়ক ইস্যুতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অধিনায়ক নিয়োগের ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে বিসিবির ওপর।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন