বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান রাজনীতিতে আসার পর তামিম ইকবালকে নিয়েও জল্পনা শুরু হয়। সম্প্রতি চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্য উৎসব’ মঞ্চে উপস্থিত হয়ে সেই জল্পনা আরও জোরাল করেন এই ক্রিকেটার। তবে তামিম এবার সরাসরিই জানিয়ে দিলেন, রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই তার। জাতীয় দৈনিক সমকালের একটি বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘আমার একদমই রাজনীতিতে আসার ইচ্ছা নেই। তাই বলে আমি রাজনীতিকে খারাপভাবে দেখি না। একজন সংগঠক বা ক্রিকেটারকে যেমন সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ হতে হয়, তেমনি একজন রাজনীতিবিদকেও রাজনীতিতে প্রজ্ঞাবান হতে হয়। আমার রাজনীতিতে আসার সুযোগ ছিল, কিন্তু সম্পৃক্ত হওয়ার তাগিদ বোধ করিনি। আমার ওই রাজনৈতিক যোগ্যতা নেই।’
গত ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজনে তারুণ্যের সমাবেশে অংশ নিয়েছিলেন তামিম। তবে বাঁহাতি এই ওপেনার উল্লেখ করেছেন, চট্টগ্রামে তিনি ক্রীড়াবিদ হিসেবে আমন্ত্রণ পেয়ে স্টেজে যোগ দিয়েছিলেন, রাজনীতিবিদ হিসেবে নয়।
এ প্রসঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের ভাষ্য, ‘আমাকে আমন্ত্রণ করা হয়েছিল একজন ক্রীড়াবিদ হিসেবে, চট্টগ্রামের স্পোর্টস নিয়ে কথা বলার জন্য। আমি বক্তব্য দেওয়ার শুরুতেই বলেছিলাম, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না। আমার বক্তব্যের পুরোটা জুড়ে তাই ছিল খেলা। ২০ বছর পরে গিয়ে কী হবে, কেউ বলতে পারে না। তবে এ মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না।’
তামিমের চাওয়া দেশের খেলাধুলা অঙ্গনে একজন স্পোর্টস বিশেষজ্ঞ নিয়োগ হোক। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি আশা করব, দেশের স্পোর্টসের স্বার্থে এমন রাজনৈতিক নেতা আসবেন, যিনি দেশের স্পোর্টসের স্বার্থে ক্রীড়াবিদদের বেছে নেবেন। স্পোর্টসের উন্নয়নে সঠিক মানুষ খুঁজে বের করবেন। আমি বলব না, আমিই সেই সঠিক মানুষ। তারা যাঁকে সঠিক মনে করবেন, তাঁকে খুঁজে নেবেন। আমি ওটার জন্য অপেক্ষা করব।’
এখন রাজনীতির ময়দানে না নামলেও ভবিষ্যতে সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তামিমের ভাষ্য, ‘এটি বলা কঠিন। ২০ বছর পরে গিয়ে কী হবে, কেউ বলতে পারে না। তবে এ মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না। আমি এখন রাজনীতি করি না, তাই কোনো নির্দিষ্ট দলের কথা বলব না। আমার কাছে মনে হয়, যারাই আসুক, তারা স্পোর্টসের লোকদের দিয়ে স্পোর্টস পরিচালনা করবেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

