বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল নেইমারকে ঘিরে। কাফ মাসলের চোটে আক্রান্ত এই তারকাকে নিয়ে শুরুতে পরিকল্পনা ছিল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামানোর। তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত উন্নতি করছেন নেইমার। নতুন মেডিকেল মূল্যায়নের পর ব্রাজিলের মেডিকেল স্টাফ এখন আর মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।
বিশ্বকাপের আগে পাওয়া গ্রেড-২ কাফ ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এমনকি মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের সময়ও তিনি দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাননি; নিউ জার্সিতেই থেকে বিশেষ পুনর্বাসন কর্মসূচি চালিয়ে গেছেন। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, তার সেরে ওঠার অগ্রগতি ইতিবাচক।
শুরুতে ধারণা করা হয়েছিল, ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচটি হয়তো মিস করবেন নেইমার। ব্রাজিল দলের চিকিৎসকরাও সে ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সর্বশেষ শারীরিক পরীক্ষার পর কোচ কার্লো আনচেলত্তি ও মেডিকেল বিভাগ আশাবাদী হয়ে উঠেছে। নতুন মূল্যায়নের ভিত্তিতে এখন মরক্কো ম্যাচে অন্তত আংশিক সময়ের জন্য তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে আনচেলত্তি বলেছিলেন, নেইমার প্রথম অথবা দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত হতে পারেন। সে সময় দ্বিতীয় ম্যাচকেই বেশি সম্ভাব্য ধরা হলেও বর্তমানে প্রথম ম্যাচেও তাকে দেখা যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শুরু হবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। মরক্কো ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তের মেডিকেল পর্যবেক্ষণের ভিত্তিতে।
দীর্ঘ চোট-সংগ্রামের পর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরে ব্রাজিল সমর্থকদের আশা তাই আবারও জোরালো হয়ে উঠেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

