পাঁচ ম্যাচ খেলে পাঁচ জয় পেয়েছে বাংলাদেশ। শতভাগ জয় পেলেও শিরোপা এখনো নিশ্চিত হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়ন হওয়ার পথে দেশের কন্যাদের বাধা এখন কেবল নেপাল। ভুটান ও শ্রীলঙ্কার শিরোপা জয়ের আশা আগেই শেষ হয়ে গেছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে রয়েছে কেবল বাংলাদেশ ও নেপাল।
লিগ পর্বের শেষ ম্যাচে দুদল মুখোমুখি হচ্ছে আজ। সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে দুই ফেভারিটের লড়াই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ম্যাচে যারা জিতবে, তারাই হবে চ্যাম্পিয়ন। এবারের আসরে নেই কোনো আনুষ্ঠানিক ফাইনাল ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই পাবে শ্রেষ্ঠত্বের মুকুট। সে হিসেবে অলিখিত ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও নেপাল।
এখন ১৫ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার রাজত্বটা নিজেদের দখলে রেখেছে অপ্রতিরোধ্য লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপা জয়ের লড়াইয়ে স্বাগতিকরাই এখন এগিয়ে। তবে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার দৌড়ে বাংলাদেশের পিছু ছুটছেন নেপালের কন্যারাও। পাঁচ ম্যাচে চার জয় আর এক হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হিমালয় কন্যারা। শিরোপা জেতার জন্য আজ ড্র করলেই চলবে বাংলাদেশের। তবে ম্যাচ অমীমাংসিত থেকে গেলে আফঈদা খন্দকারদের সংগ্রহ দাঁড়াবে ১৬ পয়েন্ট। এই পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়ন হয়ে যাবে দেশের মেয়েরা।
আর এক পয়েন্ট পেলে নেপালের পুঁজি দাঁড়াবে ১৩ পয়েন্ট। এটা হলে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে অতিথিদের। বাংলাদেশ যদি জেতে তাহলে তো কথা নেই। ১৮ পয়েন্ট নিয়ে ঘরের শিরোপা ঘরেই রেখে দেবে কোচ পিটার বাটলারের শিষ্যরা। তাই চ্যাম্পিয়ন হতে হলে নেপালের সামনে জয়ের কোনো বিকল্প নেই। জিতলে তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যাবে নেপাল।
তবে যে করেই হোক আজ জিততে চায় বাংলাদেশ। দৃঢ় আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে তারা। কেননা এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়ে গেছে তৃষ্ণা রানী-শান্তি মার্দিরা। তার ওপর লিগ পর্বে নেপালের সঙ্গে আগের দেখায় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাঁচ গোলের সেই থ্রিলার ম্যাচে ৩-২ গোলে জিতেছে দেশের মেয়েরা। আজও জয়ের ছন্দটা ধরে রাখতে চায় বাংলাদেশ। সঙ্গে শিরোপাটাও অক্ষুণ্ণ রাখতে চায় তারা। একই চাওয়া নেপালের মেয়েদেরও।
মাঠের লড়াই শেষে এখন শেষ হাসি হাসবে কারা? শিরোপা জিতবে কারা- বাংলাদেশ না নেপাল। সেটাই এখন দেখার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

