বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর ছিল না প্রায় এক যুগ। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি বাফুফের দায়িত্ব নেওয়ার চার মাস বাদেই জাতীয় দল পৃষ্ঠপোষক হিসেবে পেল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবি)। আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক এর আগে নারী ফুটবল ও বাফুফের বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষক ছিল।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইউসিবি’কে বাফুফের স্পন্সর নয়, পার্টনার হিসেবেই দেখছেন, ‘ইউসিবি ও বাফুফে স্পন্সর নয় একে অন্যের পার্টনার। আমরা একে অন্যের সহযোগী। সামনের দিনগুলোতে এক সঙ্গে আলোচনা করেই পথ চলব।’
তবে চুক্তির টাকার অঙ্ক প্রকাশ করেননি বাফুফে সভাপতি, ‘অন্য চুক্তির মতোও আমরা এই চুক্তির আর্থিক বিষয় উল্লেখ করছি না। তবে অবশ্যই আমাদের ম্যাচ খেলা, ক্যাম্প এসকল বিষয়ে তারা আর্থিক সহায়তা দেবে পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও করবে৷’
এর আগেও বাফুফের সঙ্গে কাজ করেছে ইউসিবি। এবার তারা চুক্তিবদ্ধ হলো পাঁচ বছরের জন্য। চুক্তি নিয়ে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে ইউসিবি খেলাধুলাকে মূল্যায়ন করে আসছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটা জনপ্রিয় হওয়ার সকল উপাদান রয়েছে। আমরা মনে করেছি, এখনই বাংলাদেশের ফুটবলে সহায়তা করার উপযুক্ত সময়। তাই বাফুফে সভাপতির আহ্বান পাওয়া মাত্রই সাড়া দিয়েছি। যাতে ফুটবল সেই হারানো গৌরব ফিরে পায় এবং ফিফা-এএফসি
র্যাকিংয়ে উন্নতি করে।’
তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি বাফুফের দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে কিট স্পন্সর পেয়েছে বাফুফে।
এখন দেশের নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। সাবিনা খাতুনদের স্পন্সর থাকলেও ছিল না জামাল ভূঁইয়াদের কোনো স্পন্সর। এবার সেই অভাবটা ঘুচে গেল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

