মাঠের লড়াইয়ে ব্যবধান গড়ে দিয়েছেন উসমান দেম্বেলে আর জিয়ানলুইজি দোন্নারুম্মা। ফরাসি স্ট্রাইকার দারুণ এক প্রচেষ্টায় এনে দিয়েছেন সেমিফাইনালের প্রথম লেগে একমাত্র জয়সূচক গোল। আর দোন্নারুমা গোলবারের নিচে দাঁড়িয়ে ফিরিয়ে দিয়েছেন আর্সেনালের একের পর এক শট। দুজনের বীরত্বে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি।
কিন্তু ব্যবধান মাত্র এক গোলের। তাই তো প্রত্যাবর্তনের গল্প লেখার স্বপ্ন দেখছে আর্সেনাল। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচ পার্ক দেস প্রিন্সেসে। ফাইনালে উঠতে হলে আর্সেনাল দারুণ কিছু করে দেখাতে হবে পিএসজির মাঠে। তবে কোচ মিকেল আর্তেতাও জয়ের বিকল্প কিছু ভাবছেন না।
আর্সেনাল কোচ বলেন, ‘আমরা এখন ম্যাচের মাঝবিরতিতে আছি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জয়ের পর যা বলেছিলাম, দলের প্রতি আমার বার্তা এখনো ওই একই। আমাদের প্যারিসে গিয়ে ম্যাচ জিততে হবে।’
আর্তেতার দৃঢ় বিশ্বাস, ফিরতি লেগের ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারবে তার শিষ্যরা, ‘চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে হলে বিশেষ কিছু করতে হবে। প্যারিসেও আমাদের স্পেশাল কিছু করতে হবে। শতাংশের হিসাব আমি বলতে পারব না। তবে ফাইনালে খেলার অনেক সম্ভাবনাই এখনো আছে। তবে এই প্রতিযোগিতায় বিশেষ কিছুই করতে হয় এবং এবার সেটি করতে হবে প্যারিসে।’
পিএসজি গোলবারের অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি দোন্নারুম্মার স্তুতি গাইলেন আর্তেতা, ‘আমাদের সেই সামর্থ্য খুব ভালোভাবেই আছে। দুটি দুর্দান্ত দল লড়েছে। তবে ব্যবধান খুবই সামান্য। গোলমুখে ওদের কার্যকারিতা বেশি ছিল। আজকে যে ফলাফল আমরা দেখছি, ওদের কিপারও সেখানে ব্যবধান গড়ে দিয়েছে।’
রিয়াল মাদ্রিদকে দুই লেগে ধরাশায়ী করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এ জন্য লন্ডনের ক্লাবটিকে নিয়ে বেশ সতর্ক লুইস এনরিকে। ফাইনালের পথে এগিয়ে থেকেও নির্ভার থাকতে পারছেন না পিএসজি কোচ।
পরের ম্যাচ নিয়ে এনরিকে বলেন, ‘আজ সন্ধ্যার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে আমাদের একমাত্র লক্ষ্য ঘরের মাঠে দ্বিতীয় লেগও জেতা। আর্সেনালের বিপক্ষে নির্ভার থাকতে ও আত্মতুষ্টিতে ভুগতে পারি না। তারা এমন একটা দল যারা এক সেকেন্ডে ইতিহাস পুরোপুরি নতুন করে লিখতে পারে এবং আমরা আগের জায়গায় ফিরে যাব। তাদের হারানোর কিছু নেই ও দ্বিতীয় লেগটা খুব কঠিন হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

