প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। বাজেভাবে হেরে অজিদের হাতে ইতোমধ্যে ট্রফি তুলে দিয়েছে ক্যারিবিয়ানরা। স্বাগতিকদের সামনে এখন তাই হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। লজ্জা এড়াতে চাইলে জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে।
বার্বাডোজ টেস্টে ১৫৯ রানে হেরে সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ঘুরে দাঁড়াতে পারেনি গ্রেনাডা টেস্টেও। সে ম্যাচে তাদের বিপক্ষে ১৩৩ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে প্যাট কামিন্স অ্যান্ড কোং। তাই চাপমুক্ত থেকেই শেষ ম্যাচ খেলতে নামবে সফরকারী দল।
প্রথম দুই ম্যাচে আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডন সিলস, জাস্টিন গ্রিভসরা বল হাতে নিজেদের কাজটা করে দিলেও ব্যর্থ ছিলেন ব্যাটাররা। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই সিরিজ হারতে হয়েছে ড্যারেন স্যামির দলকে। তাই ধবল ধোলাইয়ের লজ্জা এড়াতে চাইলে শেষ টেস্টে দায়িত্ব নিয়ে খেলতে হবে ক্রেইগ ব্রাথওয়েট, কেসি কার্থি, জন ক্যাম্পবেল, শাই হোপদের। পাশাপাশি আগের দুই ম্যাচের মতো বোলাদেরকেও দিতে হবে নিজেদের সেরাটা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

