বাফুফের গঠনতন্ত্র সংস্কারে অগ্রগতি নেই

বাফুফের গঠনতন্ত্র সংস্কারে অগ্রগতি নেই

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গঠনতন্ত্র সংস্কারের অগ্রগতি নেই। গঠনতন্ত্র সংস্কারের জন্য গত বছরের ৯ নভেম্বর প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু তিন মাস মেয়াদি তিন সদস্যের কমিটি গঠিত হলেও সেটি কার্যত এখন হিমাগারে! এ কমিটির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়ার আগে দুয়েকটি সভা ছাড়া আর কিছুই করতে পারেনি। গত বছরের ৪ ডিসেম্বর কমিটির প্রথম সভা হয়। কিন্তু এ সংক্রান্ত ব্যাপারে ফিফা কোনো গাইডলাইন দেয়নি বলে জানা যায়। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘ফিফা-এএফসি’র সঙ্গে আমাদের গঠনতন্ত্র সংস্কার কমিটির সভা হয়েছিল। গঠনতন্ত্র সংস্কারের লক্ষ্যে ফিফা একটি নির্দেশনা দেবে সেটা অনুসরণ করে আমরা অগ্রসর হব। সেই নির্দেশনা এখনো আসেনি।’ সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের গত মেয়াদে বাফুফে ফলাও করে জানিয়েছিল, ‘ফিফা কাউন্সিলর সংখ্যা ও নির্বাহী কমিটির আকার কমানোর নির্দেশনা দিয়েছে।’ এরপর বাফুফে তৎকালীন সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে নিয়ে একটি গঠনতন্ত্র সংস্কার কমিটি করে সেটা আর কোনো আলোর মুখ দেখেনি। বছর চারেক আগে ফিফা যদি কাউন্সিলর ও নির্বাহী কমিটি উভয়ের আকার কমানোর নির্দেশনা দিয়েই থাকে, তাহলে আবার পুনরায় কেন ফিফার নির্দেশনার অপেক্ষায় বাফুফে? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন কমিটি গঠনতন্ত্র নিয়ে নতুনভাবে কাজ করছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন