রোমাঞ্চ শেষে ইংল্যান্ডের জয়

রোমাঞ্চ শেষে ইংল্যান্ডের জয়

নাটকীয় ম্যাচ যাকে বলে! হেডিংলি টেস্ট তার ষোলো আনাই উপহার দিয়েছে। সেঞ্চুরির ফোয়ারা ছোটার ম্যাচে জয়ের লক্ষ্য ছিল ৩৭১। টেস্টের চতুর্থ ইনিংসে নিঃসন্দেহে বিশাল এক টার্গেট। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় ছিল না। যেন মামুলি লক্ষ্য ছোঁয়ার মিশনে নেমেছিল তারা। সাত সেঞ্চুরির ম্যাচে ভারতীয় বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের বন্দরে ইংলিশরা নোঙর ফেলে ৫ উইকেট হারিয়ে। রোমাঞ্চকর এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। অথচ নিজেদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের স্বপ্ন বুঁনেছিল অবশ্য ভারত। কিন্তু নাটকীয়তা শেষে শেষ হাসি হাসে দুই সেঞ্চুরি পাওয়া ইংল্যান্ড।

বিজ্ঞাপন

দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন বেন ডাকেট। ১৭০ বলে ১৪৯ রানের দারুণ ইনিংসটি সাজান ডাকেট ২১টি বাউন্ডারি ও একটি ছক্কার মারে। তারকা এ ওপেনারকে সঙ্গ দিয়ে যাওয়া জ্যাক ক্রলি অবশ্য বেশি দূর এগোতে পারেননি। জাদুকরী তিন অঙ্কের আভাস দিয়ে তিনি ফিরে যান ফিফটি আদায় করে। সাজঘরের পথে হাঁটার আগে ১২৬ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৬৫ রানের দারুণ এক কার্যকরী ইনিংস।

বেন ডাকেট জয়ের ভিত গড়ে দেওয়ার পর বেন স্টোকস যোগ করেন ৩৩ রান। জয় ছিনিয়ে নেওয়ার আনুষ্ঠানিকতা সেরে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জো রট (৫৩*) ও জেমি স্মিথ (৪৪*)। তাতে ৫ উইকেট হারিয়ে ৩৭৩ রান তুলে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।

ভারতের হয়ে দুটি উইকেট শিকার করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুরও।

এর আগে ২১ রান নিয়ে মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১২ রান ও বেন ডাকেট ৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।

যশস্বী জয়সওয়াল, শুবমান গিল আর রিশভ পান্তের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৭১ রানের বিশাল পুঁজি গড়ে ভারত। জবাবে অলি পোপের দারুণ শতকের সুবাদে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে দাঁড় করায় ৪৬৫ রানের সংগ্রহ। পরে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরির দেখা পান লোকেশ রাহুল ও রিশভ পান্ত। দুজনের ব্যাটিং ঝলকে ৩৬৪ রান তোলে, ভারতীয়রা পায় ৩৭০ রানের লিড।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৪৭১/১০, ১১৩ ওভার ও দ্বিতীয় ইনিংস: ৩৬৪/১০, ৯৬ ওভার (রাহুল ১৩৭, পান্ত ১১৮; কার্স ৩/৮০ ও টং ৩/৭২)।

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৪৬৫/১০, ১০০.৪ ওভার ও দ্বিতীয় ইনিংস: ৩৭৩/৫, ৮২ ওভার (ডাকেট ১৪৯, ক্রুলি ৬৫, রুট ৫৩*, স্মিথ ৪৪* ও স্টোকস ৩৩; প্রসিদ্ধ ২/৯২ ও শার্দুল ২/৫১)।

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড।

ম্যাচসেরা: বেন ডাকেট (ইংল্যান্ড)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন