এশিয়া কাপ আর্চারি

দুই পদক হাতছাড়া বাংলাদেশের

দুই পদক হাতছাড়া বাংলাদেশের

সিঙ্গাপুরে চলমান ২০২৫ এশিয়া কাপ লেগ-২ আর্চারিতে দুটি পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। গতকাল কম্পাউন্ড নারী ও রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গেছেন বাংলাদেশের আর্চাররা।

নারী দলগত ইভেন্টে খেলেন বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার। কাজাখস্তানের কাছে ২৩০-২২৪ পয়েন্টে হেরে যান তারা। চার সেটের খেলায় বাংলাদেশ প্রথম তিন সেটে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ে। চতুর্থ ও শেষ সেটে এক পয়েন্ট (৫৯-৫৮) পেয়েও পদক জয় করা সম্ভব হয়নি। সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে মাত্র ৩ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

পুরুষ দলগত ইভেন্টে চাইনিজ তাইপের কাছে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে। প্রথম সেট ৫২-৫৬ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট ৫৩-৫৩ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেট বাংলাদেশ ৫৬-৫৩ পয়েন্টে জিতলে দুই দলের সমান ৩-৩ সেট পয়েন্ট হয়। পদক নির্ধারণী শেষ সেটে আলিফ, রাকিব ও রামকৃষ্ণ ৬০-এর মধ্যে ৫২ স্কোর করেন। চাইনিজ তাইপের আর্চাররা ৫৬ স্কোর করে পদক জিতে নেন। এর আগে সেমিফাইনালে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। চার সেটের খেলা শেষ হয় এক সেট আগেই। ভারত দুই সেট জয় ও এক সেট ড্র করে ৫-১ সেট পয়েন্টে ফাইনালে ওঠে।

কম্পাউন্ড পুরুষ দলগত আর্চাররা বেশি হতাশ করেছেন। এলিমিনেশন রাউন্ড থেকেই বিদায় নেন তারা। ভুটানের আর্চারদের বিপক্ষে ২২২-২১৮ পয়েন্টে হারে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন