বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ

মোহামেডানকে হারিয়ে শিরোপা বসুন্ধরার

মোহামেডানকে হারিয়ে শিরোপা বসুন্ধরার

বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে গতকাল ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের শুরুতে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। কুমিল্লার মাঠে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যালেঞ্জ কাপ জিতল দলটি। গত মৌসুমে আত্মপ্রকাশ ঘটে চ্যালেঞ্জ কাপের। টুর্নামেন্টের প্রথম শিরোপাটিও ঘরে তুলেছিল কিংস।

মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। তবে মাঠ প্রস্তুত না থাকায় চ্যালেঞ্জ কাপের ম্যাচটি ১১ মিনিট দেরিতে শুরু হয়। ম্যাচে আরো নাটকীয় দেখা যায়। দুদলই পায় পেনাল্টি। কিংসের হয়ে খেলা সোহেল রানা লাল কার্ড পান। মাঠে দর্শকদের স্মোক ফ্লোয়ার ছোড়ায় খেলায় বিঘ্ন ঘটে। ম্যাচের শেষ ১৮ মিনিটে তিন গোল করে কিংস।

বিজ্ঞাপন

সব মিলিয়ে এবার চ্যালেঞ্জ কাপের ম্যাচ আলোচিত ছিল। এবারের আসর কিংসের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। ১০ জনের দলে পরিণত হয়েও দুর্দান্ত জয় তুলে নেয় তারা। ব্রাজিলীয় তারকা ডরিয়েলটন গোমেজ জোড়া গোল করেন। আরেক ব্রাজিলিয়ান রাফায়েল আগস্তু একটি, অপর গোলটি করেন নাইজেরিয়ার এমানুয়েল সানডে। আর মোহামেডানের হয়ে এক গোল শোধ দেন উজবেক খেলোয়াড় মোজাফফরভ।

চ্যালেঞ্জ কাপের গত অভিষেক আসরে খেলেছিল মোহামেডান ও কিংসই। বসুন্ধরা কিংস অ্যারেনায় মহা উত্তাপ ছড়ানো ম্যাচ ৩-১ গোলে জিতে শিরোপা নিজেদের করে নেয় কিংস। এবার ওই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল মোহামেডানের সামনে। কিন্তু কিছুতেই পারল না সাদা-কালো জার্সিধারীরা। খেলার শুরুর ৭ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় কিংস। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় মোহামেডানও। মোজাফফরভের গোলে লড়াই জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে সোহেল রানা দুই হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কিংস। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি মোহামেডান। উল্টো শেষ দিকে একের পর এক গোল হজম করে বিপর্যস্ত হয়েছে লিগ চ্যাম্পিয়নরা। ৬৬ মিনিটে ডরিয়েলটনের হেড মোহামেডান গোলরক্ষক সুজন রুখে দিলেও ফিরতি আক্রমণে গোল করেন রাফায়েল। ৭৪ মিনিটে ডরিয়েলটনের বাড়ানো বলে গোল করেন সানডে। ৮৬ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলটি করেন ডরিয়েলটন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...