ইব্রাহিমোভিচকে উয়েফার সম্মাননা

ইব্রাহিমোভিচকে উয়েফার সম্মাননা

ফ্রান্সের মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মৌসুমের লিগপর্বের ড্রতে বিভিন্ন ক্লাবের পট তুলেছেন সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। এই মঞ্চেই তার হাতে ‘উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

মূলত ফুটবল অঙ্গনের বাইরে নানা সামাজিক কার্যক্রমে পরিচিতি অর্জন করা ব্যক্তিদের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার। তারই ধারাবাহিকতায় উয়েফা সভাপতি সেফরিন পুরস্কারটি তুলে দেন ইব্রাহিমোভিচের হাতে।

বিজ্ঞাপন

সাবেক এই তারকা ফুটবলারকে অভিনন্দন জানিয়ে সেফরিন বলেন, ‘জ্লাতানকে সবাই চেনে চূড়ান্ত প্রতিযোগী, জন্মগত বিজয়ী এবং পপ-কালচারের আইকন হিসেবে। তবে সবচেয়ে বড় কথা, তিনি অসাধারণ এক মানুষ, একজন ‘গোল্ডেন বয়’। এ বছরের পুরস্কার তার হাতে দিতে পেরে আমি ভীষণ গর্বিত।’

নিজের প্রতিক্রিয়ায় ইব্রাহিমোভিচ বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য বড় সম্মানের বিষয়। এজন্য আমি উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিনকে ধন্যবাদ জানাই। এর মানে আমি আমার ক্যারিয়ারে কিছু অর্জন করেছি, নইলে এটি পেতাম না। আমি ভীষণ খুশি। আমি কৃতজ্ঞ ও ধন্য।’

৪৩ বছর বয়সী সাবেক এই তারকা বিভিন্ন ক্লাবের হয়ে ৮৬৬ ম্যাচ খেলে ৫১১টি গোল করেন। এ ছাড়া সুইডেন জাতীয় দলের হয়ে ১২২ ম্যাচে ৬২ গোল আছে তার। খেলেছেন বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, পিএসজি ও এসি মিলানের মতো ইউরোপের সব বড় দলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন