ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে দুই জায়ান্ট ম্যানসিটি ও আর্সেনাল। যদিও দুই দলের জয়টা এক রকম ছিল না। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সিটিজেনরা। অন্যদিকে শেষের জাদুতে লেস্টারকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির জয়ের কৃতিত্ব উমর মারমুশের। দারুণ এক হ্যাটট্রিক করে ম্যাচের পুরো আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এই মিসরীয় ফরওয়ার্ড। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক আদায় করে নেন তিনি। ১৯ মিনিটে প্রথমবারের মতো লক্ষ্যভেদ করেন। ২৪ ও ৩৩ মিনিটে বাকি গোল দুটির দেখা পান শীতকালীন দলবদলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ম্যানসিটিতে যোগ দেয়া এই ফুটবলার।
স্বাগতিকদের হয়ে নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে বাকি গোল করেন ম্যাক আতে।
আরেকটু হলে কিং পাওয়ার স্টেডিয়াম থেকে পয়েন্ট ভাগ করেই ফিরতে হতো আর্সেনালকে। কারণ ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ০-০। তবে জোড়া গোল করে অতিথিদের জয় এনে দিয়েছেন মিকেল মেরিনো। ৮১ মিনিটে লেস্টারের ডেডলক ভাঙে গানাররা। নওয়ানেরির ক্রস থেকে হেডে ঠিকানা খুঁজে নেন মেরিনো। ৮৭ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় তথা শেষ গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে লন্ডনের ক্লাবটি। রেডদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে মার্সিসাইডের ক্লাবটি। চারে অবস্থান করছে ম্যানসিটি। ২৫ ম্যাচ শেষে পেপ গার্দিওলার দলের সংগ্রহ ৪৪ পয়েন্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

