বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে ১০ পদক জিতল বাংলাদেশ। এর মধ্যে দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক রয়েছে। আজ প্রতিযোগিতার তৃতীয় দিন শটপুটে ব্রোঞ্জ পদক জিতলেন জাকিয়া সুলতানা। একই দিন নারীদের ২০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন সুমাইয়া দেওয়ানও। জ্যাভলিন থ্রো পুরুষ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন হাসিব খান। ১০০x৪ মিটার রিলেতে পুরুষ ও নারী- দুই বিভাগেই ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। নারী বিভাগে নুসরাত, সুমাইয়া, সাবিনা ও সুলতানা এবং পুরুষ বিভাগ শান্ত, দেলোয়ার, জুবাইল ও চয়ন পদক জিতেছেন। অন্যদিকে লং জাম্পে স্বপ্না খাতুন রৌপ্য পদক জিতেছেন। ৪০০x৪ মিটার রিলেতে পুরুষ ও নারী বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। এর আগের দুইদিনও দুটি পদক জিতেছে বাংলাদেশের অ্যাথলেটরা।
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৪.০০০ কেজি ওজনের শটপুট ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় স্থান অর্জন করেন জাকিয়া। তার ছয়টি প্রচেষ্টার ফলাফল ছিল যথাক্রমে—১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ এবং ১০.৭০ মিটার। এই ইভেন্টে ভারতের দুই অ্যাথলেট শীর্ষ দুটি স্থান দখল করেছেন। তৃতীয় প্রচেষ্টায় ১৫.১৭ মিটার ছুড়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের আনশু এবং প্রথম প্রচেষ্টায় ১৪.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে রৌপ্য পদক পেয়েছেন ভারতের রিয়া ভার্মা। এছাড়া বাংলাদেশের অপর প্রতিযোগী মিনু খাতুন ৮.৫৯ মিটার ছুড়ে সপ্তম স্থানে ছিলেন।
এদিকে, নারীদের ২০০ মিটার ইভেন্টের ফাইনালে (+০.৮ মি./সে. বাতাসের গতি) ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন সুমাইয়া। শীর্ষ স্থানের লড়াইয়ে ২৪.০৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা এবং ২৪.২৩ সেকেন্ড (+০.১৫ সে. ব্যবধানে) সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন ভারতের ভাবনা জি। চতুর্থ স্থানে থাকা ভারতের সোনিকা ২৪.৭৪ সেকেন্ড সময় নিয়ে মাত্র ০.০১ সেকেন্ডের ব্যবধানে পদক থেকে বঞ্চিত হন। এছাড়া বাংলাদেশের অপর প্রতিযোগী রুনা নুসরাত জাহান ২৫.৭৬ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

