বরাবরের মতোই বড় ম্যাচে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে একাই টেনে তুলেছেন শাহাদাত হোসেন। তৃতীয় ওভারে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত, পেয়েছেন সেঞ্চুরির দেখাও। তার ব্যাটে ভর করেই লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ 'এ' দল।
রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২৩২ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ ১০৩ রান করেছেন শাহাদাত হোসেন।
টস জিতে দলীয় ১৪ রানে সাইফ হাসান এবং ১৫ রানে মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ 'এ' দল। জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন দুই ব্যাটার সাইফ হাসান এবং মাহমুদুল হাসান জয়- কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
আলী রাজার আউট হওয়ার আগে ২ রান করেন অধিনায়ক সাইফ। নিজের পরের ওভারে ফিরে মাহমুদুল হাসান জয়কেও বোল্ড করেন রাজা। তিনি করেন ৯ রান।
শুরুতে ২ উইকেট হারানোর পর হাল ধরেন শাহাদাত হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই দলীয় ১০০ পার করে বাংলাদেশ। তবে রান এগিয়েছে খুব ধীরগতিতে।
২৮তম ওভারের প্রথম বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন সুফিয়ান মুকিম। ধীরগতির ইনিংসে ৭৮ বলে ৪২ রান করেন মাহিদুল।
পরের ব্যাটার আফিফ হোসেনকে দ্রুতই ফেরান সুফিয়ান। বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলিটা ধরতে না পেরে বোল্ড হন আফিফ। একই ওভারে সাব্বির রহমানকেও ফেরান সুফিয়ান। কোনো রান না করেই সাজঘরে ফেরেন একসময় জাতীয় দলের তারকা এই ব্যাটার। ১১৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্তে অটল ছিলেন শাহাদাত। ষষ্ঠ উইকেটে এসএম মেহরবকে নিয়ে গড়েন ৫২ রানের জুটি।
মেহরব আর শাহাদাতের জুটি যখন বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল, তখনই সাজঘরের পথ ধরেন মেহরব। দলীয় ১৭০ রানে মেহরবকে আব্দুল সামাদের ক্যাচ বানান হাসান নেওয়াজ। ডানহাতি এই স্পিনার একই ওভারে আউট করেন মোহাম্মদ রুবেলকেও।
১৭০ রানে ৭ উইকেট হারানোর পর রকিবুল হাসানকে নিয়ে ২২ এবং রিপন মন্ডলকে নিয়ে রানের জুটি গড়েন শাহাদাত। ১১৭ বলে তুলে নেন লিস্ট 'এ' ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ৩ ছক্কা ও ৭ চারে ১১৮ বলে ১০৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি।
শাহাদাতের ব্যাটেই শেষ পর্যন্ত ২৩২ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১২ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রিপন মন্ডল।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান। দুটো করে উইকেট পেয়েছেন হাসান নেওয়াজ এবং আলী রাজা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

