এশিয়া কাপ রাইজিং স্টারস

বাংলাদেশের সামনে পাকিস্তান

বাংলাদেশের সামনে পাকিস্তান

ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশ ‘এ’ দলের সামনে। সে লক্ষ্যে এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বিকাল ৪টায় তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল। কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে হাইভোল্টেজ এই ম্যাচ। দুদলের সামনেই এখন ২৯ নভেম্বরের ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ।

গ্রুপপর্বে দারুণ ছন্দে থেকেই সেমিফাইনালের মঞ্চে পা রেখেছে দুদল। গ্রুপ ‘বি’-তে সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ এবং নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে নিজেদের নাম লিখেছে পাকিস্তান। সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে তারা পেয়েছে ৯৬ রানের বড় জয়। অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কিছুটা মন্থর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচের শুরুতে ব্যাটারদের তাড়াহুড়া না করে ধৈর্য ধরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে বড় চ্যালেঞ্জ।

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ে মূল ভরসা হিসেবে নজরে থাকবেন সাইফ হাসান ও আফিফ হোসেন। অন্যদিকে, পাকিস্তান ‘এ’ দলের হয়ে ছন্দে থাকা হায়দার আলি ও আবদুল সামাদ বড় পার্থক্য গড়ে দিতে পারেন। সব মিলিয়ে ফর্ম ও কন্ডিশনের লড়াইয়ে জমজমাট একটি সেমিফাইনালের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন